খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

বিভিন্ন অভিযোগে নড়াইলের কালিয়ায় এসআইয়ের বিরুদ্ধে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি |
১১:৫৩ পি.এম | ১১ জুলাই ২০২৬


নড়াইলের কালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাকরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত  হয়েছে। শনিবার বেলা ১১টায় কালিয়া উপজেলার রঘুনাথপুর বাজারে এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় দুইশতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তৃতা করেন পুরুলিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি তমজিত শেখ, সাবেক ইউপি সদস্য কোবাদ হোসেন, মোঃ খায়রুজ্জামান,  লাবনি বেগম, নিলুফা ইয়াসমিন প্রমুখ। 
এসময় বক্তারা, এসআই দেবাকরের বিরুদ্ধে অনৈতিকভাবে অর্থ দাবি, হয়রানি, নির্যাতন, হুমকি ও পক্ষপাতিত্বের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং তার শাস্তির দাবি জানান।
মানববন্ধনে মোঃ খায়রুজ্জামান বলেন, আমার বাড়ি রঘুনাথপুর এলাকায়। কিন্তু আমি যশোরের চৌগাছা উপজেলার একটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত। স¤প্রতি এলাকার একটি মিথ্যা মামলায় এসআই দেবাকর আমাকে কর্মস্থলের এলাকা থেকে গ্রেফতার করেছিল। এ সময় আমার পকেটে ব্যাংক থেকে তোলা ৭৯ হাজার টাকা ছিল, সেই টাকা নিয়ে যায়। আমার ফোন ও টাকা জব্দ তালিকায় দেয়নি। ফোন নিজের কাছে রেখে দেবাকর আমার স্বজন ও অফিসের সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করছে ওই ফোন দিয়ে। আমি নিরাপত্তাহীনতায় আছি।
লাবনি বেগম বলেন, রাতের আঁধারে বিনা অনুমতিতে নারী পুলিশ সদস্য ছাড়াই এসআই দেবাকর আমার ঘরে আসামি ধরার অযুহাতে সারা ঘর তল্লাশি চালায়। আমাদের হুমকি-ধামকি দেন। আমরা দেবাকরের সুষ্ঠু বিচার দাবি করি। 
এ ব্যাপারে জানতে উপ-পরিদর্শক দেবাকরকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেনি।
এই বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট, ওই এলাকায় একটা খারাপ চক্র রয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে। আইন অনুযায়ী কাজ করলেও তাদের বিপক্ষে যাওয়ায় এসব করছে। 

প্রিন্ট

আরও সংবাদ