খুলনা | রবিবার | ১২ জুলাই ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন

ক্লিনিকে বাধ্যতামূলকভাবে নরমাল ডেলিভারি রুম প্রস্তুত করার জরুরি নির্দেশ

পাইকগাছা প্রতিনিধি |
০১:৫১ এ.এম | ১২ জুলাই ২০২৬


খুলনার সিভিল সার্জন ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক চিকিৎসা কার্যক্রম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিদর্শন করেছেন। হাসপাতালে পৌঁছালে সিভিল সার্জনকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ।
পরিদর্শনকালে সিভিল সার্জন হাসপাতালের জরুরি বিভাগ, ডায়েট রুম, অপারেশন থিয়েটার (ওটি), প্যাথলজি বিভাগ, ভায়া (VIA) রুম ও বহির্বিভাগ (আউটডোর) সহ বিভিন্ন সেকশন ঘুরে দেখেন। তিনি হাসপাতালের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের নিবিড় তদারকি করেন এবং সেবার মান আরও বৃদ্ধিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় তিনি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের শয্যাপাশে যান, তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং সেবার সন্তুষ্টির বিষয়ে কথা বলেন। হাসপাতাল কর্মকর্তা ও কর্মচারীদের সাথেও তিনি এক মতবিনিময় সভায় মিলিত হন।
হাসপাতাল পরিদর্শন শেষে সিভিল সার্জন ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন পাইকগাছা উপজেলার সকল বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সাথে একটি জরুরি বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি সরকারের স্বাস্থ্য নীতি বাস্তবায়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। বিশেষ করে সরকারের নির্দেশনা অনুযায়ী সকল বেসরকারি ক্লিনিকে বাধ্যতামূলকভাবে ‘নরমাল ডেলিভারি রুম’ (স্বাভাবিক প্রসব কক্ষ) প্রস্তুত করার জন্য জরুরি নির্দেশ প্রদান করেন।
সিভিল সার্জন ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন বলেন জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকেও নিয়মের মধ্যে থেকে সেবা দিতে হবে। 
পরিদর্শন ও বৈঠককালে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মেডিকেল অফিসার ডাঃ হিমেল ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ,  পাইকগাছা-কয়রা ক্লিনিক ও ডায়াগনস্টিক এ্যাসোসিয়েশন সভাপতি ডাঃ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ কাউছার আলী।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডাঃ সুজন কুমার সরকার, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শাকিলা আফরোজ, মেডিকেল অফিসার ডাক্তার সঞ্জয় কুমার মন্ডল, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুনসহ হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রিন্ট

আরও সংবাদ