খুলনা | সোমবার | ১৩ জুলাই ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের উপরে বিজিবি’র গুলিবর্ষণ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০৫:৩৭ পি.এম | ১২ জুলাই ২০২৬


সাতক্ষীরা সীমান্তে  চোরাচালান প্রতিরোধে টহল চলাকালে দুই ভারতীয় চোরাকারবারীকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বিজিবি সদস্যরা। রোববার (১২ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বিজিবি তলুইগাছা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের মেইন পিলার ১৩ হতে ৫০ গজ অভ্যন্তরে চারাবাড়ি এলাকায় এঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন তলুইগাছা বিওপির একটি নিয়মিত রাত্রিকালীন টহল দল দায়িত্ব পালনকালে সীমান্তের মেইন পিলার ১৩ সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে চারাবাড়ি এলাকায় কিছু লোকের নড়াচড়া ও কথাবার্তার শব্দ শুনতে পায়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় টহল দল সতর্কতা অবলম্বন করে তাৎক্ষণিকভাবে শব্দের উৎসের দিকে অগ্রসর হয়ে সীমান্তের চারাবাড়ি নামক স্থানে ২জন অজ্ঞাতনামা চোরাকারবারিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখতে পায়। তাদের থামতে, পরিচয় দিতে এবং আত্মসমর্পণ করতে একাধিকবার নির্দেশ দেওয়া হলেও তারা তা অমান্য করে ভারতের দিকে পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন এবং নিরাপত্তার স্বার্থে ও গতিরোধের উদ্দেশে এক রাউন্ড গুলি ছোড়েন। পরে ওই দুই ব্যক্তি সীমান্তবর্তী ঝোপঝাড়ের মধ্য দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। ঘটনার পর বিজিবি ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালালেও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে গুলিবর্ষণের ঘটনায় কেউ আহত হয়নি।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান ওএসপি, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্ত ঘটনার প্রেক্ষিতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধির পাশাপাশি টহল জোরদার করা হয়েছে। সীমান্তে চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রিন্ট

আরও সংবাদ