খুলনা | সোমবার | ১৩ জুলাই ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩

নীলফামারীতে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

খবর প্রতিবেদন |
০৬:০২ পি.এম | ১২ জুলাই ২০২৬

 

নীলফামারীর ডোমারে পেছন থেকে আসা একটি ট্রাক যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যানে ধাক্কা দেয়। এ ঘটনায় ট্রাকচাপায় একই পরিবারের তিন সদস্যসহ ৪ জন নিহত হয়েছে। অপর নিহত ব্যক্তি ভ্যানচালক।

রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ডোমার-জলঢাকা সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যান ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ভ্যান চালকসহ একই পরিবারের আরও তিনজন যাত্রী নিহত হন। পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন— নাদিয়াপাড়ার অলি বর্মনের ছেলে ভ্যানচালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা রানি (২৮), দুই ছেলে পিতোসা (৮) ও যাদব (৪)।

মটকপুর নদীরপাড় এলাকায় ট্রাকের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে।

প্রিন্ট

আরও সংবাদ