খুলনা | সোমবার | ১৩ জুলাই ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩

হামে শিশু মৃত্যু: ইউনূস নূরজাহানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা নেয়নি আদালত

খবর প্রতিবেদন |
০৬:১৩ পি.এম | ১২ জুলাই ২০২৬

 

হামের টিকা কেনায় অবহেলা এবং এর জেরে শিশু মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

রোববার (১২ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন।

মামলাটি আমলে নেওয়ার মতো ‘পর্যাপ্ত উপাদান না থাকায়’ বিচারক আবেদনটি খারিজ করে দেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী তসলিম পপি।

এর আগে গত ৫ জুলাই আদালতে এই মামলার আবেদন করেছিলেন হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া নয় মাস বয়সি শিশু সাউদা মুসকানের বাবা সিরাজুল ইসলাম।

ওইদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশের জন্য ১২ জুলাই দিন ধার্য করেছিলেন।

মামলার আর্জিতে প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টা ছাড়াও স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে আসামি করার আবেদন জানানো হয়েছিল।

হামের টিকা কেনায় অবহেলা এবং এর জেরে দেশে ছয় শতাধিক শিশুর মৃত্যুর অভিযোগ আনা হয় সেখানে।

মামলার আর্জিতে বাদী সিরাজুল ইসলাম অভিযোগ করেন, গত ফেব্রুয়ারির শেষ দিক ও মার্চের শুরুর দিকে শরীয়তপুর সদরের নয় মাস বয়সি শিশু সাউদা মুসকান মারাত্মক জ্বরে আক্রান্ত হয়। স্থানীয় চিকিৎসায় জ্বর না কমায় মার্চের প্রথম সপ্তাহে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেলে হামের চিকিৎসায় ‘প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায়নি’ বলে আর্জিতে অভিযোগ করা হয়।

অবস্থার অবনতি হলে গত ২২ মার্চ শিশুটিকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও চিকিৎসক ও নার্সরা ‘চিকিৎসায় অসহযোগিতা ও অবহেলা’ করেছেন বলে অভিযোগ করেন বাদী।

হাসপাতালের ঘটনার বর্ণনা দিয়ে আর্জিতে বাদী উল্লেখ করেন, ‘গত ২৬ মার্চ চিকিৎসকরা আমার স্ত্রীর হাতে অক্সিজেন সিলিন্ডার ধরিয়ে দিয়ে বাচ্চার মুখে লাগাতে বলেন। শিশুর মা সেটি লাগাতে ব্যর্থ হলে কর্তব্যরত চিকিৎসক একজন সুইপারকে দিয়ে শিশুর মুখে তা লাগিয়ে দেন।’ ওই অক্সিজেন দেওয়ার ঘণ্টা দুয়েক পরেই শিশুটি মারা যায় বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছিল।

প্রিন্ট

আরও সংবাদ