খুলনা | সোমবার | ১৩ জুলাই ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩

দুঃসময়ের এক অবিচল কান্ডারির বিদায়

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে খুলনা বিএনপি’র শোক

খবর বিজ্ঞপ্তি |
০২:১৩ এ.এম | ১৩ জুলাই ২০২৬


সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী এবং বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা মহানগর ও জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
রোববার যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতির এক প্রজ্ঞাবান, সৎ, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ কিংবদন্তি। ৫২’র ভাষা আন্দোলনের এই বীর সৈনিক ও বর্ষীয়ান রাজনীতিবিদ সুদীর্ঘ বর্ণাঢ্য জীবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদের স্পিকার হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন সময়ে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দেশ গঠনে তাঁর অবদান ছিল অবিস্মরণীয়।
খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ আরও বলেন, দেশে সংসদীয় সংস্কৃতির বিকাশ, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত করা এবং আজীবন বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ রক্ষায় তিনি ছিলেন অবিচল। বিগত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দলের প্রতিটি দুঃসময়ে কোনো পরিস্থিতিতেই তিনি আদর্শচ্যুত হননি। তাঁর এই চলে যাওয়া দেশের রাজনৈতিক ও আইনাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশ আজ একজন বিচক্ষণ রাষ্ট্রনায়ক এবং সত্যিকারের দেশপ্রেমিককে হারাল। 
বিবৃতিদাতারা হলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি, তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগার লবি, মহানগর বিএনপি’র সভাপতি ও কেডিএ’র চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপি’র সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী প্রমুখ। 
নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য প্রার্থনা করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ