খুলনা | বুধবার | ১৫ জুলাই ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩

সেমির চার দলের মধ্যে শিরোপার দৌড়ে কাকে এগিয়ে রাখল সুপারকম্পিউটার

ক্রীড়া প্রতিবেদক |
০১:৪৬ পি.এম | ১৪ জুলাই ২০২৬

 

৪৮ দলের বিশ্বকাপ এখন নেমে এসেছে চারে। টিকে আছে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই চার দলের মধ্যে কার হাতে উঠতে পারে শিরোপা, ২৫ হাজারবার সম্ভাব্য ফল বিশ্লেষণ করে সেই হিসাব দিয়েছে অপটার সুপারকম্পিউটার।

সেই হিসাবে বিশ্বকাপ জয়ের দৌড়ে সবার আগে ফ্রান্স। দিদিয়ের দেশমের দলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৩৪ শতাংশ। আর চার দলের মধ্যে সবচেয়ে কম সম্ভাবনা দেখানো হয়েছে আর্জেন্টিনার, ২০ দশমিক ৬ শতাংশ।

ফ্রান্সের সামনে প্রথম বাধা স্পেন। সুপারকম্পিউটারের ২৫ হাজার বিশ্লেষণের মধ্যে ৫৭ দশমিক ৭ শতাংশ ক্ষেত্রে স্পেনকে হারিয়ে ফাইনালে উঠেছে ফরাসিরা। স্পেনের ফাইনালে ওঠার সম্ভাবনা ৪২ দশমিক ৩ শতাংশ। লুইস দে লা ফুয়েন্তের দলের শিরোপা জয়ের সম্ভাবনা অবশ্য ২৩ দশমিক ৪ শতাংশ, যা চার দলের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

চলতি বিশ্বকাপে ফ্রান্সের দুর্দান্ত পারফরম্যান্সই তাদের ফেবারিট করে তুলেছে। আট গোল করা কিলিয়ান এমবাপ্পে গোল্ডেন বুটের দৌড়ে যৌথভাবে শীর্ষে। তার পাশে পাঁচ গোল করেছেন উসমান দেম্বেলে। মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠা ফ্রান্স টানা তৃতীয় বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেওয়ার অপেক্ষায়।

অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এখানে দুই দলের ব্যবধান খুবই সামান্য। ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০ দশমিক ৯ শতাংশ, আর্জেন্টিনার ৪৯ দশমিক ১ শতাংশ। অর্থাৎ ম্যাচটিকে প্রায় সমান সমান লড়াই হিসেবেই দেখছে সুপারকম্পিউটার।

শিরোপা জয়ের হিসাবে ইংল্যান্ডের সম্ভাবনা ২১ দশমিক ৯ শতাংশ। আর্জেন্টিনার চেয়ে সেটি মাত্র ১ দশমিক ৩ শতাংশ বেশি। ফলে চার দলের মধ্যে শেষে থাকলেও লিওনেল স্কালোনির দল যে খুব বেশি পিছিয়ে, তা বলা যাচ্ছে না।

আর্জেন্টিনার বড় ভরসা লিওনেল মেসি। আট গোল নিয়ে এমবাপ্পের সঙ্গে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন তিনি। নকআউট পর্বের প্রতিটি ম্যাচেই কঠিন পরীক্ষা দিতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। কেপ ভার্দে, মিসর ও সুইজারল্যান্ডের বিপক্ষে চাপের মুখে পড়েও শেষ পর্যন্ত পথ বের করেছে তারা।

ফ্রান্স–স্পেন সেমিফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় বুধবার রাত ১টায়। একই সময়ে পরদিন ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সংখ্যার হিসাবে ফ্রান্স এগিয়ে এবং আর্জেন্টিনা শেষে থাকলেও মাঠের লড়াইয়ে ব্যবধান যে সামান্য, সুপারকম্পিউটারের হিসাবেও সেটিই স্পষ্ট।

প্রিন্ট

আরও সংবাদ