খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান

চৌত্রিশ লক্ষাধিক টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৫৬ পি.এম | ১৪ জুলাই ২০২৬


সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ৩৪ লক্ষাধিক  টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা, কালিয়ানী ও কাকডাঙ্গা বিওপি এর টহলদলের সদস্যরা তাদের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এই ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।
বিজিবি সূত্র জানায়, ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানার ফলমোড় নামক স্থান হতে ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। কালিয়ানী বিওপির সদস্যরা সদর থানার বড় পুকুর নামক স্থান হতে ১ লাখ ৪৬ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। 
এছাড়া কাকডাঙ্গা বিওপি সদস্যদের পৃথক দুইটি বিশেষ অভিযানে কলারোয়ার ভাদিয়ালী ও রাজ্জাকের মোড় হতে ২৬ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করা হয়। আভিযানিক দল সর্বমোট ৩৪ লাখ ৫৬ হাজার ৩শ’ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। 
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাকারবারী কর্তৃক শুল্ককর ফাঁকি দিয়ে মোবাইল ফোনের বিপুল পরিমাণ যন্ত্রাংশ অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

প্রিন্ট

আরও সংবাদ