খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

দিঘলিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা

দিঘলিয়া প্রতিনিধি |
১১:৫৯ পি.এম | ১৪ জুলাই ২০২৬


প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার এবং জনগণকে সচেতন করার লক্ষে দিঘলিয়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক আলোচনা সভা মঙ্গলবার পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন দাস গুপ্ত। সভা সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  জামাল হোসাইন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী এবং থানা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু।
আলোচনা সভায় বক্তারা বলেন বর্ষা মৌসুমে অতিবৃষ্টি, জলাবদ্ধতা, ঝড়, নদীভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারি দপ্তর, জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। দুর্যোগের আগেই আশ্রয়কেন্দ্র, ত্রাণসামগ্রী, উদ্ধার কার্যক্রম এবং জরুরি সেবাসমূহ প্রস্তুত রাখার পাশাপাশি জনগণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া সভায় দুর্যোগকালীন উদ্ধার তৎপরতা, ক্ষয়ক্ষতি কমাতে করণীয়, আশ্রয়কেন্দ্রের প্রস্তুতি, জরুরি যোগাযোগ ব্যবস্থা সচল রাখা এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলার সকল ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তারা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং সুধীজন। সভায় অংশগ্রহণকারীরা দুর্যোগ মোকাবিলায় নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

প্রিন্ট

আরও সংবাদ