খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

তালায় কালভার্টের পানিতে ডুবে প্রাণ গেল কন্যা শিশুর

তালা প্রতিনিধি |
১২:৫৩ এ.এম | ১৫ জুলাই ২০২৬


মায়ের সঙ্গে মাঠে গিয়েছিল পাঁচ বছরের ছোট্ট রুমানা। কিছুক্ষণের জন্য চোখের আড়াল হতেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। বাড়ির পাশের কালভার্টের নিচে জমে থাকা পানিতে ডুবে প্রাণ হারায় রুমানা খাতুন (৫)। 
মঙ্গলবার সকালে সাতক্ষীরার তালা উপজেলার ঢ্যামসাখোলা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত রুমানা খাতুন উপজেলার ঢ্যামসাখোলা গ্রামের শাহিনুর রহমান মোড়লের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে রুমানা তার মা রেশমা বেগমের সঙ্গে ছাগল নিয়ে মাঠে যায়। একপর্যায়ে রেশমা বেগম বাড়ির পাশের একটি কালভার্টের ওপর মেয়েকে রেখে ছাগল বাঁধতে যান। কয়েক মিনিট পর ফিরে এসে সেখানে মেয়েকে দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজির একপর্যায়ে কালভার্টের নিচে জমে থাকা পানির মধ্যে রুমানার ভাসমান মরদেহ দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিবেশীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

প্রিন্ট

আরও সংবাদ