খুলনা | বুধবার | ১৫ জুলাই ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩

বিএনপি নেতার মোটরসাইকেলে আগুন, আটক ২০

গোপালগঞ্জে কাশিয়ানীতে বিক্ষোভ মিছিলে নিষিদ্ধ আ’লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা

গোপালগঞ্জ প্রতিনিধি |
১২:৫৫ এ.এম | ১৫ জুলাই ২০২৬


গোপালগঞ্জের কাশিয়ানীতে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের রাতইল এলাকায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। বিক্ষোভ চলাকালে রাতইল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক এমদাদুল হকের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২০ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া চারটি মাইক্রোবাস, একটি বাস ও দু’টি ইজিবাইক জব্দ করা হয়।
জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে সংঘর্ষ ও আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রতিবাদে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় বিক্ষোভকারীরা ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে এবং রাতইল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক এমদাদুল হকের মোটরসাইকেল পুড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখান থেকে সটকে পড়ে মিছিলকারীরা। এ সময় সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য ২০ জনকে আটক করে পুলিশ। ছাড়া চারটি মাইক্রোবাস, একটি বাস ও দু’টি ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করা হয়। এছাড়া জেলা শহরের বেদগ্রাম এলাকায় মিছিল করার জন্য জড়ো হলে পুলিশ ধাওয়া দিলে সেখান থেকে পালিয়ে যায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
কাশিয়ানীর রাতইল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক এমদাদুল হক বলেন, আমরা গোপালগঞ্জ থেকে রাতইল আসছিলাম। ওই এলাকায় পৌঁছালে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাকে ধাওয়া করে। পরে আমার মোটরসাইকেল আগুন ধরিয়ে দেয়।
কাশিয়ানীর রাতইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ নান্নান খাকি বলেন, আমি এমদাদুলকে নিয়ে রাতইল আসছিলাম। ঢাকা-খুলনা মহাসড়কে পৌঁছালে দেখি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেছে। এ সময় তারা এমদাদুল হকের মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়।
গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল­াহ জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ওই স্থানে মিছিল বের করা চেষ্টা করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ২০ জনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যারা জড়িত নয় তাদের ছেড়ে দেয়া হবে ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রিন্ট

আরও সংবাদ