খুলনা | বুধবার | ১৫ জুলাই ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩

দুর্নীতির শিকারে শীর্ষে ময়মনসিংহ ঘুষে খুলনা : টিআইবি

খবর প্রতিবেদন |
০১:৪৮ এ.এম | ১৫ জুলাই ২০২৬


দেশের সেবা খাতে দুর্নীতির চিত্রে সবচেয়ে বেশি ভুক্তভোগী ময়মনসিংহ বিভাগের মানুষ, আর ঘুষ দেওয়ার ক্ষেত্রে শীর্ষে রয়েছে খুলনা বিভাগ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত ‘সেবাখাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
টিআইবির জরিপ অনুযায়ী, দেশে সেবা নিতে গিয়ে জাতীয়ভাবে ৮১ দশমিক ৬ শতাংশ মানুষ দুর্নীতির শিকার হয়েছেন। একই সময়ে বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে ৬৩ দশমিক ৬ শতাংশ মানুষকে ঘুষ দিতে হয়েছে।
প্রতিবেদনে বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ময়মনসিংহ বিভাগে সবচেয়ে বেশি ৮৮ দশমিক ৯ শতাংশ পরিবার দুর্নীতির শিকার হয়েছে। এ বিভাগে ঘুষ দেওয়ার হার ৬৬ দশমিক ৬ শতাংশ।
খুলনা বিভাগে দুর্নীতির শিকার হওয়ার হার ৮৮ শতাংশ। তবে ঘুষ দেওয়ার ক্ষেত্রে দেশের সর্বোচ্চ হার এ বিভাগে, যেখানে ৭৩ দশমিক ৬ শতাংশ মানুষ সেবা নিতে গিয়ে ঘুষ দিতে বাধ্য হয়েছেন।
এ ছাড়া বরিশাল বিভাগে দুর্নীতির হার ৮৭ দশমিক ৬ শতাংশ এবং ঘুষ দেওয়ার হার ৬৯ দশমিক ১ শতাংশ। রংপুরে দুর্নীতির শিকার হয়েছেন ৮৫ দশমিক ৭ শতাংশ মানুষ এবং ঘুষ দিয়েছেন ৬২ দশমিক ৮ শতাংশ।
ঢাকা বিভাগে দুর্নীতির হার ৮০ দশমিক ১ শতাংশ এবং ঘুষ দেওয়ার হার ৬৩ দশমিক ৯ শতাংশ। চট্টগ্রামে দুর্নীতির হার ৭৯ দশমিক ৪ শতাংশ ও ঘুষের হার ৫৯ দশমিক ৪ শতাংশ।
সিলেট বিভাগে দুর্নীতির শিকার হওয়ার হার ৭৯ দশমিক ৩ শতাংশ এবং ঘুষ দেওয়ার হার ৫৮ দশমিক ৯ শতাংশ। তুলনামূলক কম হলেও রাজশাহী বিভাগে দুর্নীতির হার ৭২ দশমিক ৯ শতাংশ এবং ঘুষ দেওয়ার হার ৫৮ দশমিক ৮ শতাংশ।
টিআইবি জানিয়েছে, সেবা খাতের এই চিত্র থেকে বোঝা যায়, দেশের তৃণমূল পর্যায়ে এখনো সাধারণ মানুষের জন্য হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করা যায়নি। দুর্নীতি নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগ এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।
 

প্রিন্ট

আরও সংবাদ