খুলনা | বুধবার | ১৫ জুলাই ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩

নগরীতে ২২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |
০২:২২ এ.এম | ১৫ জুলাই ২০২৬


নগরীতে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে লবণচরা থানা পুলিশ। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ৮ লাখ ৮০ হাজার টাকা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের ছাচিবুনিয়া বিশ্বরোড থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখালী গ্রামের মোঃ রুবেল হাওলাদার (৩১) এবং খুলনার রূপসা উপজেলার মিল্কি দেয়াড়া গ্রামের মোঃ সিমবাদ চৌধুরী (২৮)।
পুলিশ জানায়, কেএমপির সহকারী কমিশনার (খুলনা জোন) মোঃ শফিকুল ইসলাম এবং লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল­াশি করে স্কচ টেপে মোড়ানো ১১টি পোটলায় ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলার ওজন ছিল প্রায় ২ কেজি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। পুলিশের অপরাধ সংক্রান্ত তথ্যভাণ্ডার (সিডিএমএস) পর্যালোচনায় দেখা গেছে, আটক সিমবাদ চৌধুরীর বিরুদ্ধে এর আগে কেএমপির দৌলতপুর থানায় মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে একটি মামলা রয়েছে। এছাড়া রুবেল হাওলাদারের বিরুদ্ধে ২০১৩ সালে বটিয়াঘাটা থানায় চুরি সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছিল।
পুলিশ জানিয়েছে, মাদকের উৎস, গন্তব্য এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ