খুলনা | বৃহস্পতিবার | ১৬ জুলাই ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩

যে তিনটি অভিশাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখাচ্ছে স্পেনকে

ক্রীড়া প্রতিবেদক |
০১:৫৭ পি.এম | ১৫ জুলাই ২০২৬

 

বিশ্বকাপের ট্রফি জয়ের স্বপ্ন এখন আর সবার নয়। দীর্ঘ পথ পেরিয়ে প্রতিযোগিতার শেষ অধ্যায়ে টিকে আছে মাত্র তিনটি দল আর্জেন্টিনা, ইংল্যান্ড ও স্পেন। মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার আলোচনায় উঠে এসেছে ফুটবল ইতিহাসের কিছু অদ্ভুত পরিসংখ্যান, যেগুলোকে অনেকে ‘অভিশাপ’ বলেই উল্লেখ করছেন। সেই পুরোনো ধারাগুলো এবার স্পেনের শিরোপা জয়ের পথে আশার আলো হয়ে দেখা দিচ্ছে।

প্রথম আলোচিত বিষয়টি ফ্রান্সকে ঘিরে। সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে ফরাসিরা। এদিকে চলতি বছরের ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে ছিলেন ফ্রান্সের অন্যতম বড় ভরসা। তবে বিশ্বকাপের ইতিহাস বলছে, যে বছরে কোনো ফুটবলার ব্যালন ডি’অর জেতেন, সেই খেলোয়াড়ের জাতীয় দল কখনও বিশ্বকাপ শিরোপা জিততে পারেনি। সেই ধারাবাহিকতা এবারও অক্ষুণ্ন থাকল।

দ্বিতীয় পরিসংখ্যানটি আর্জেন্টিনাকে নিয়ে। ২০২৬ বিশ্বকাপে তারা ফিফা র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল হিসেবে অংশ নিয়েছিল। কিন্তু র‌্যাঙ্কিং ব্যবস্থা চালু হওয়ার পর থেকে টুর্নামেন্ট শুরুর সময় শীর্ষস্থানে থাকা কোনো দল বিশ্বকাপ জিততে পারেনি। ফলে এই রেকর্ড এখন আর্জেন্টিনার জন্য বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদিও ২০২২ সালে কাতার বিশ্বকাপে তারা রানার্সআপ হিসেবে টুর্নামেন্ট শুরু করে শেষ পর্যন্ত শিরোপা নিজেদের করে নিয়েছিল।

আরেকটি দীর্ঘদিনের রেকর্ড ভাঙার অপেক্ষায় আছে ইংল্যান্ড। ১৯৩০ সালে বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে কোনো বিদেশি কোচের অধীনে থাকা দল কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার সেই ইতিহাস বদলানোর মিশনে আছে ইংলিশরা। জার্মান কোচ থমাস টুখেল ২০২৫ সালের জানুয়ারি থেকে ইংল্যান্ডের দায়িত্ব পালন করছেন, আর তাঁর নেতৃত্বেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে দলটি।

প্রিন্ট

আরও সংবাদ