খুলনা | বৃহস্পতিবার | ১৬ জুলাই ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩

স্বীকৃতির সঙ্গে আইসিসিতে শীর্ষ পদও পেলেন তামিম

ক্রীড়া প্রতিবেদক |
০৬:৩০ পি.এম | ১৫ জুলাই ২০২৬

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার ৩৮ দিন পর তামিম ইকবালকে স্বীকৃতি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। একই সঙ্গে একটি কমিটির শীর্ষস্থানীয় পদও পেয়েছেন বিসিবির নতুন সভাপতি।

আইসিসি আজ এক বিজ্ঞপ্তিতে বিভিন্ন কমিটি গঠনের পাশাপাশি কয়েকটি দেশের সদস্যপদ-সংক্রান্ত বিষয় নিয়েও জানিয়েছে। স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত বার্ষিক সভা শেষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে। যার মধ্যে তামিমকে আইসিসির পূর্ণ সদস্য পরিচালক হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যানও হয়েছেন তিনি। কমিটির অন্য সদস্যরা হলেন ক্রিকেট নামিবিয়ার ড. রুডি ফন ফুরেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দেবজিত সাইকিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) রিচার্ড গুল্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) টড গ্রিনবার্গ।

নতুন দুই উপকমিটির মধ্যে একটি তামিমের নেতৃত্বাধীন ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটি, অপরটি হলো গভর্ন্যান্স রিভিউ কমিটি। এই কমিটির প্রধান দেবজিত সাইকিয়া। অন্য সদস্যরা হলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএ) প্রধান ড. মোহাম্মদ মুসাজি ও আইসিসির স্বাধীন পরিচালক ড. রস রিভাজ। এ ছাড়া ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে (সিডব্লিউআই) ১ কোটি ২৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার ঋণ দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় তা ১৫৮ কোটি টাকা। আইসিসি বোর্ড তা অনুমোদন করেছে। আর মরিশাস আইসিসির ১১১তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।

আইসিসির সদস্যপদ-সংক্রান্ত বিষয়
ক্রিকেট কানাডা
আইসিসি বোর্ড ক্রিকেট কানাডার পুনর্বহালের শর্তাবলি অনুমোদন করেছে। সদস্যপদে আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহারের আগে এসব শর্ত পূরণ করতে হবে। শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত ক্রিকেট কানাডার স্থগিতাদেশ বহাল থাকবে।

শ্রীলঙ্কা ক্রিকেট
আইসিসি বোর্ড শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করেছে এবং সংশোধিত সংবিধান প্রণয়নের অগ্রগতিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। তত দিন পর্যন্ত শ্রীলঙ্কা ক্রিকেট আইসিসি বোর্ডের সভায় প্রতিনিধিত্ব করতে পারবে না বলে সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

ফ্রান্স ক্রিকেট
আইসিসির বার্ষিক সাধারণ সভায় সদস্যপদের নির্ধারিত মানদণ্ড লঙ্ঘনের কারণে ফ্রান্স ক্রিকেটকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাট বদলানোর কথাও জানিয়েছে আইসিসি। আগামী বছরের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে হবে ওয়ানডে বিশ্বকাপ। আইসিসির এই ইভেন্টে অংশ নিচ্ছে ১৪ দল। আর ২০২৮ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ২০ দল।

প্রিন্ট

আরও সংবাদ