খুলনা | বৃহস্পতিবার | ১৬ জুলাই ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩

খুলনাসহ সারাদেশে নানা আয়োজন

‘জুলাই শহীদ দিবস’ আজ

নিজস্ব প্রতিবেদক |
০১:২৩ এ.এম | ১৬ জুলাই ২০২৬


‘জুলাই শহীদ দিবস’ আজ। ২০২৪-এর কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদসহ সকল জুলাই শহীদের স্মরণে দিনটি পালন করা হয়। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে সরকার আনুষ্ঠানিকভাবে এ দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে। এছাড়াও, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হয়। জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকায় দিবসটি ‘খ’ শ্রেণিভুক্ত দিবস।
২০২৫ সালে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্রে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের ‘জাতীয় বীর’ হিসেবে ঘোষণা দেওয়া হয়।
২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটে। সরকার পতনের এই আন্দোলনে ১৬ জুলাই ছিল গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ এ দিনে আবু সাঈদের পুলিশের গুলিতে মৃত্যু হলে আন্দোলন তীব্র হয়ে উঠে।
‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তাঁদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে দল-মত-পথ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানিয়েছেন। তিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল বীর শহিদের অসামান্য অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। 
খুলনা : জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন। আজ শহীদ দিবস উপলক্ষে সকাল নয়টায় খুলনা শিববাড়ি মোড়ে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে। বাদ যোহর বা সুবিধাজনক সময়ে মসজিদসমূহে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়াও সুবিধাজনক সময়ে জুলাই শহিদদের স্মরণে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে।

প্রিন্ট

আরও সংবাদ