খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

১৮ বছর পলাতক ভাণ্ডারিয়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেফতার

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি |
০১:৩৮ এ.এম | ১৬ জুলাই ২০২৬


পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘ ১৮ বছর ধরে পলাতক থাকা আসামি মোঃ আজিম হাওলাদার (৩১) অবশেষে র‌্যাবের জালে ধরা পড়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় র‌্যাব-৮ ও র‌্যাব-১০-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। তিনি ভাণ্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের মোঃ ইসলাম ওরফে ইসমাইলের ছেলে।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল এবং র‌্যাব-১০, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল যৌথভাবে কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়।
মামলার নথি অনুযায়ী, ২০০৮ সালের ১৭ মে ভাণ্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩)-এর ৭ ধারায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
রায় ঘোষণার পর থেকেই আজিম হাওলাদার আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও দীর্ঘদিন তিনি আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে ছিলেন। অবশেষে আধুনিক তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও নিবিড় নজরদারির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে সফল অভিযান পরিচালনা করে র‌্যাব।
গ্রেফতারের পর প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাকে ভাণ্ডারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

প্রিন্ট

আরও সংবাদ