খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরার শ্যামনগরে পরিত্যক্ত স্কুল ভবন ধসে ৫ শ্রমিক আহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:৩৯ এ.এম | ১৬ জুলাই ২০২৬


সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ভবন ভাঙার সময় ভবনের একপাশ ধসে পড়ে ৫ জন শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কৈখালী ইউনিয়নের ৭২ নম্বর পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা শ্রমিকরা হলেন সাতক্ষীরার আসাসনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের একসরা গ্রামের মৃত ফজলু গাজীর ছেলে মোঃ আলাউদ্দিন  গাজী (৪২), খুলনার কয়রা উপজেলার ফতেকাটি গ্রামের মৃত আবু আব্দুল্লাহর ছেলে মোঃ জয়নাল আবেদীন (৩৩), একই গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে মফিজুল ইসলাম (৩৫), একই উপজেলার নারায়নপুর গ্রামের আরশাদ আলীর ছেলে রানা আহমেদ (২৪) এবং একই গ্রামের সালাম উদ্দিন গাজীর ছেলে জুবায়ের হোসেন (২০)।
আহতদের মধ্যে মোঃ আলাউদ্দিন ও মোঃ জয়নাল আবেদীন গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে  বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, বেশ কয়েকজন শ্রমিক শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ভবন ভাঙ্গার কাজ করছিল।  ভবনটি ভাঙার কাজ চলাকালে ভবনের একপাশ হঠাৎ ধসে পড়ে। এতে সেখানে কর্মরত ৫ জন শ্রমিক আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে গুরুতর আহত দুই শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কালাম উল্লাহ জানান, মোট ছয়জন শ্রমিক ঘটনাস্থলে ছিলেন। তাদের মধ্যে একজন রান্নার কাজে ব্যস্ত ছিলেন এবং বাকি পাঁচজন ভবন ভাঙার কাজ করছিলেন। এ সময় ছাদ ধসে পাঁচজন শ্রমিক আহত হন।
শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক জানান, ৭২নং পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি ২০০৬ সালে নির্মিত। দীর্ঘদিন ব্যবহারের ফলে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ২০২৩ সালে কর্তৃপক্ষ এটিকে পরিত্যক্ত ঘোষণা করে। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে ভবনটি নিলামে তোলা হয়। গত ২৫ জুন ২০২৬ তারিখে ঠিকাদার সামছুর দোহা টুটুল ভবনটি নিলামে গ্রহণ করেন। সেই ভবন ভাঙার কাজ চলাকালেই এ দুর্ঘটনা ঘটে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরএমও মোঃ জিয়াউর রহমান বলেন, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কা জনক। তাদেরকে সাতক্ষীরায় রেফার করা হয়েছে। বাকীদের প্রাথমিকভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ