খুলনা | বৃহস্পতিবার | ১৬ জুলাই ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে কেডিএ চেয়ারম্যান

বাসযোগ্য, সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই

খবর বিজ্ঞপ্তি |
০২:৪৫ এ.এম | ১৬ জুলাই ২০২৬


খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যার বিরূপ প্রভাব আমাদের এই অঞ্চলেও দৃশ্যমান। সুন্দরবনের কোলঘেঁষা আমাদের এই খুলনাকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে এবং একটি বাসযোগ্য, সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে আন্দোলন করছেন, কেডিএ সে অভিযানের সহযাত্রী। কেডিএ’র আওতাধীন এলাকায় এক লাখ ২০ হাজার বৃক্ষরোপণ ও বিতরণ করা হবে। একটি পরিকল্পিত নগরী শুধু বহুতল ভবন আর কংক্রিটের জঙ্গল নয়, বরং সেখানে বুক ভরে শ্বাস নেওয়ার মতো পর্যাপ্ত সবুজ ও খোলা বাতাস থাকা আবশ্যক।
গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় কেডিএ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময়ে বিশেষ অতিথি ছিলেন কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষা আর অপরাধ দমনেই কাজ করে না, বরং সামাজিক দায়বদ্ধতা থেকে শুরু করে দেশ ও জনগণের কল্যাণে যেকোনো সংকটে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে। জলবায়ু পরিবর্তনের এই যুগে পরিবেশের ভারসাম্য রক্ষা করা এখন আমাদের অন্যতম বড় চ্যালেঞ্জ। খুলনা অঞ্চল ভৌগোলিক ভাবেই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ¡াসের মতো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়। কেএমপি’র পক্ষ থেকে ১২ হাজার ৫০০ বৃক্ষরোপণ করছি; একই সাথে কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছি। আজ আমরা যে বৃক্ষরোপণ করছি, তা কেবল কিছু চারা রোপণ নয়; এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিনিয়োগ। 
মনা বলেন, কেডিএ শুধু অবকাঠামোগত উন্নয়নই করে না, বরং পরিবেশবান্ধব টেকসই নগর পরিকল্পনায় বিশ্বাসী। এবারের কর্মসূচিতে আমরা কেবল গাছ লাগিয়েই ক্ষ্যান্ত হবো না, বরং প্রতিটি চারার সঠিক রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা ফলজ, বনজ এবং ঔষধি সবধরনের গাছের চারা রোপণের ওপর জোর দিচ্ছি, যা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পুষ্টি ও অর্থনৈতিক চাহিদাও পূরণ করবে।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কেডিএ’র সদস্য মোঃ ইকবাল হোসেন, এম এম মাহমুদুর রহমান ও রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ, কেএমপি’র অতিরিক্ত কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, উপ-কমিশনার (ট্রাফিক) মোঃ শফিকুল ইসলাম, উপ-কমিশনার (দক্ষিণ) মোঃ রেজাউর রহমান, সহকারী কমিশনার (স্টাফ অফিসার) মোঃ গোলাম মোর্শেদ, কেডিএ’র প্রধান প্রকৌশলী কাজী মোঃ সাবিরুল আলম, পরিচালক (এস্টেট) জাকিয়া সুলতানা, অথরাইজড অফিসার জিএম মাসুদুর রহমান, তত্ত¡াবধায়ক প্রকৌশলী (চঃ দঃ) মোঃ মজিবুর রহমানসহ কেডিএ’র উর্ধ্বতন কর্মকর্তা নেতৃবৃন্দ।

প্রিন্ট

আরও সংবাদ