খুলনা | মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১২ শ্রাবণ ১৪৩৩

উত্তরায় বাসচাপায় প্রাণ গেল ২ সাংবাদিকের

খবর প্রতিবেদন |
০২:২৮ পি.এম | ১৬ জুলাই ২০২৬


রাজধানীর উত্তরায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী শাকিবুল ইসলাম শাকিব ও রবিউল ইসলাম রাজু নামে দুই সাংবাদিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার জসিম উদ্দিন বিআরটি উড়াল সড়কের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

দৈনিক সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার শাকিব ভোলার দৌলতখান উপজেলার কলেজ রোডের মৃত নুর ইসলামের ছেলে। দৈনিক প্রাণের বাংলাদেশের সিনিয়র রিপোর্টার রবিউল গোপালঞ্জ সদরের নিজড়া মধ্যপাড়া গ্রামের শিহাব উদ্দিন মোল্লার ছেলে। সাকিব উত্তরখানের মাজার এবং রাজু উত্তরার আব্দুল্লাহপুরে থাকতেন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও হাসপাতালে পাঠানো রিকশাচালক মো. সাগর ওরফে সুখেল বলেন, ‘একটি লাল রঙের বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। রাস্তার ডান পাশে জায়গা থাকার পরও বাসটি পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। মনে হয়, বাসটি ঢাকা-ময়মনসিংহ সড়কে চলাচল করে।’

সাগর বলেন, ‘তাদের উদ্ধার করে প্রথমে উত্তরার মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক মারা গেছেন। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘাতক চালক ও গাড়ি শনাক্তের চেষ্টা চলছে।’

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি খালিদ মনসুর।

প্রিন্ট

আরও সংবাদ