খুলনা | শনিবার | ১৮ জুলাই ২০২৬ | ৩ শ্রাবণ ১৪৩৩

‘আমরা টের পাচ্ছি জনগণ এখনও সেই লাল জুলাইয়ের চেতনা ধারণ করে’

খবর প্রতিবেদন |
০১:১৯ এ.এম | ১৮ জুলাই ২০২৬


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, আইন আছে, সরকার আছে-তারাই শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত নেবে। জনগণের চাওয়ার ওপর আমরা এই সিদ্ধান্তের ভার ছেড়ে দিয়েছি। তবে যতটা হুমকি-ধামকি তারা দিচ্ছেন, জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী আমরা এখন পালন করছি। আমরা টের পাচ্ছি জনগণ এখনও সেই লাল জুলাইয়ের চেতনা ধারণ করে। ফ্যাসিবাদী শক্তিকে দেশের জনগত কখনো বরদাশত করবে না। র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী, আধিপত্যবাদী শক্তির সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করে এই জনগণই কিন্তু ফ্যাসিবাদের রানীকে দেশ ছাড়তে বাধ্য করেছিল। তারা এদেশে কিন্তু এখনও আছে। শুক্রবার দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, এই দেশের রাজনীতির যত গন্ডগোল পাকানো, জুলুম করা, কে ক্ষমতায় যাবে আর যাবে না, অর্থনীতি, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি-সবকিছুর রিমোট কন্ট্রোল তো উনারা (দিল্লি) নিয়ন্ত্রণ করে।
জামায়াত সেক্রেটারি বলেন, জেনেভা কনভেনশন, বন্দি বিনিময় আইন, সমস্ত কিছুকে লঙ্ঘন করে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে সব প্রযুক্তিগত সুযোগ-সুবিধা ব্যবহার করার জন্য আরাম-আয়েশে দিল্লিতে তাকে থাকার সুযোগ করে দিচ্ছে। আমি মনে করি, আমরা সব প্রতিবেশীর সঙ্গে যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই; দেশের স্বার্থে, ন্যায্য সম্পর্ক চাই; কিন্তু একের পর এক দেশের রাজনীতি, সরকার এবং জাতীয় স্বার্থের পরিপন্থি পদক্ষেপ নিলে দেশের জনগত তো সেটা পছন্দ করে না।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সংস্কার চায় না, তারা চায় সংশোধন। অথচ বিএনপি যে ৩১ দফার কথা বারবার বলে রাষ্ট্র সংস্কারে-৩১ দফার এক নম্বর দফা পড়ে দেখবেন। আপনি গুগলে সার্চ দেন, পাবেন। ৩১ দফার এক নম্বরে বিএনপি স্বীকার করেছিল যে, ‘আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে সংবিধান সংস্কারের জন্য একটা কমিশন গঠন করব।’ কই? এখন তারা সংস্কার কয় না, এখন তো সংশোধন কয়। তাহলে জাতির কাছে দেওয়া কথা তারা রক্ষা করলো না, অঙ্গীকার ভঙ্গ করল।
তিনি আরও বলেন, বিএনপি’র উচিত দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা, শপথ গ্রহণ করা এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য যে গণভোট হয়েছে, সেই গণভোটের রায় মেনে নিয়ে তা কার্যকর করে সংবিধান সংস্কার করা। তাহলেই সংকট নিষ্পত্তি হবে। আর তা যদি না করেন, তাহলে রাজপথে যাওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ থাকবে না।
গোলাম পরওয়ার বলেন, নতুন গঠিত সরকার আসার পর কয়েক মাসে দেশে অসংখ্য জনদুর্ভোগ তৈরি হয়েছে। অসহনীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি, হত্যা, নির্যাতন, শিশু ধর্ষণসহ বন্যা কবলিত মানুষের দুর্ভোগ, তাদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে না; তাদের উদ্ধার, পুনর্বাসনের তেমন কোনো সরকারি পদক্ষেপও দৃশ্যমান নয়।

প্রিন্ট

আরও সংবাদ