খুলনা | রবিবার | ১৯ জুলাই ২০২৬ | ৩ শ্রাবণ ১৪৩৩

দিল্লিতে অনশনরত ওয়াংচুককে জোরপূর্বক তুলে নিয়ে গেল পুলিশ

খবর প্রতিবেদন |
০২:৪৩ পি.এম | ১৮ জুলাই ২০২৬


ভারতের রাজধানী নয়া দিল্লিতে টানা ২১ দিন ধরে অনশনে থাকা সমাজকর্মী ও শিক্ষাসংস্কারক সোনম ওয়াংচুককে (৫৯) জোরপূর্বক তুলে নিয়ে গেছে পুলিশ। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গত ২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে তিনি এই অনশন শুরু করেন। শনিবার (১৮ জুলাই) তার শারীরিক অবস্থার অবনতি হলে বিপুলসংখ্যক পুলিশ ও নিরাপত্তা কর্মী সভামঞ্চ ঘিরে ফেলে, পরে স্ট্রেচারে করে তাকে হাসপাতালে নিয়ে যায়।

চলতি বছরের মে মাসে ভারতে অনুষ্ঠিত একটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে শিক্ষার্থীরা চরম সংকটে পড়েন। এ ঘটনার প্রতিবাদে যুব সমাজ এবং ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ব্যানারে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়।

তাদের এই যৌক্তিক দাবির প্রতি সংহতি জানিয়ে সোনম ওয়াংচুক অনশনে বসেন। ওয়াংচুকের এই আন্দোলন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বহু মানুষ তার এই আন্দোলনের প্রতি সমর্থন জানান।

টেলিভিশনে সম্প্রচারে দেখা যায়, শনিবার সকালে অনশনস্থলে সাদা কাপড়ের চাদর দিয়ে মঞ্চটি আড়াল করে পুলিশ ওয়াংচুককে বের করে নিয়ে যায়। ডিসিপি শচীন শর্মা গণমাধ্যমকে জানান, দিল্লি হাই কোর্টের নির্দেশনা এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

তবে হাসপাতাল সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

বৃহস্পতিবার দিল্লি হাই কোর্ট এক পিটিশনের প্রেক্ষিতে ওয়াংচুকের স্বাস্থ্য পর্যবেক্ষণ করার এবং প্রয়োজনে হস্তক্ষেপের নির্দেশ দেন। অনশনস্থল থেকে ওয়াংচুককে নিয়ে যাওয়ার পাশাপাশি পুলিশ অন্য আন্দোলনকারীদেরও সরিয়ে দেয়।

সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে পুলিশের এই ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে বলেন, তারা সোনম স্যারকে টেনে-হেঁচড়ে নিয়ে গেছে...। ৬০ বছর বয়সি একজন মানুষ, যিনি ২০ দিন ধরে কিছুই খাননি, তাকে দিল্লি পুলিশ এভাবে বলপ্রয়োগ করে নিয়ে গেল। তারা তাকে কোথায় রেখেছে, আমরা জানি না।

এই ঘটনার প্রতিবাদে অভিজিৎ নিজেও আজ থেকে অনির্দিষ্টকালের অনশন শুরু করার ঘোষণা দিয়েছেন। আন্দোলনকারীরা বলেন, আগামী ২০ জুলাই শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা সংস্কারের দাবিতে তারা সংসদ ভবন অভিমুখে পদযাত্রা করবেন।
সূত্র: রয়টার্স

প্রিন্ট

আরও সংবাদ