খুলনা | সোমবার | ২০ জুলাই ২০২৬ | ৫ শ্রাবণ ১৪৩৩

ক্ষমতা চিরস্থায়ী নয়, জুলাই তা স্মরণ করিয়ে দিচ্ছে: চরমোনাই পীর

খবর প্রতিবেদন |
০৩:৪৪ পি.এম | ১৯ জুলাই ২০২৬

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম সরকারকে উদ্দেশ্যে করে বলেন, ‘জুলাই সনদ এবং জাতির প্রত্যাশা পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। জুলাই আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছে, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়।’

রোববার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘২০২৪ সালের গণ-অভ্যুত্থানে হাজার হাজার মানুষ জীবন উৎসর্গ করেছেন এবং প্রায় ৫০০ মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন। তাদের এই আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্র পরিচালনায় সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি।’

তিনি বলেন, ‘শেয়ালের কাছে মুরগি বর্গা রাখা যেমন নিরাপদ নয়, তেমনি যাদের হাতে বারবার দেশ তুলে দেওয়া হয়, তাদের কাছে দেশ, জনগণ ও ইসলামও নিরাপদ থাকে না।’

রাজনৈতিক দল ও দেশের জনগণের উদ্দেশে চরমোনাই পীর বলেন, ‘অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষের হাতে তুলে দিতে হবে। অন্যথায় একই ধরনের সংকট ও ব্যর্থতার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ।

প্রিন্ট

আরও সংবাদ