খুলনা | মঙ্গলবার | ২১ জুলাই ২০২৬ | ৫ শ্রাবণ ১৪৩৩

কেডিএ চেয়ারম্যান মনার সাথে বাস টার্মিনাল সংশ্লিষ্টদের মতবিনিময়

শহরের সৌন্দর্য্যবর্ধন, যানজট নিরসনে বাস টার্মিনাল মূল শহরের বাইরে নেয়া এখন সময়ের দাবি

খবর বিজ্ঞপ্তি |
০২:২৮ এ.এম | ২০ জুলাই ২০২৬


খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ’র চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা বলেছেন, কেডিএ একক ভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না। আমরা বিশ্বাস করি, যেকোনো টেকসই উন্নয়নের জন্য অংশীজন বা স্টেকহোল্ডারদের মতামত সবচেয়ে জরুরি। বিভাগীয় শহর খুলনার সৌন্দর্য্যবর্ধন, যানজট নিরসন ও শান্তি-শৃঙ্খলার সুবিধার্থে বাস টার্মিনালটি মূল শহরের বাইরে নিয়ে যাওয়া এখন সময়ের দাবি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সোনাডাঙ্গা বাস টার্মিনালকে একটি আন্তর্জাতিক মানের ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত টার্মিনালে রূপান্তর করতে কেডিএ বেশ কিছু পরিকল্পনা হাতে নিচ্ছে। এ পরিকল্পনা বাস্তবায়ন হলে নিরাপত্তা কর্মী নিয়োগ, সিসি ক্যামেরা স্থাপন, পরিচ্ছন্ন কর্মী, বিশুদ্ধ খাবার পানি, ওয়াশ রুমসহ প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা থাকবে এক ছাদের তলায়।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় কেডিএ কনফারেন্স রুমে আন্তঃজেলা বাস টার্মিনালের সার্বিক উন্নয়ন সম্পর্কে সংশ্লিষ্ট সকল সমিতির প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সোনাডাঙ্গা বাস টার্মিনালের সমস্যা-সমাধানের লক্ষ্যে কেডিএ’র সদস্য মোঃ ইকবাল হোসেনকে প্রধান করে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী ১৫ দিনের মধ্যে সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের সুপারিশ করবেন।
মতবিনিময়কালে কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা আরও বলেন, বাস টার্মিনালের ভেতরে পরিস্কার-পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসন এবং যান চলাচলের রাস্তাগুলো টেকসইভাবে সংস্কার করা হবে। সাধারণ যাত্রীদের বসার জায়গা, আধুনিক ও পরিচ্ছন্ন শৌচাগার এবং বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা নিশ্চিত করা হবে। বিশেষ করে নারী ও শিশুদের জন্য বিশেষ জোনের পরিকল্পনা রয়েছে। টার্মিনালের ভেতরে অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ করা হবে। পুরো টার্মিনালকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনে নিরাপত্তা জোরদার করার পরিকল্পনা রয়েছে কেডিএ’র। ভবিষ্যতে ই-টিকিটিং ও ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে বাস ছাড়ার সময়সূচী প্রদর্শনের ব্যবস্থা করার পরিকল্পনা আমাদের রয়েছে। এছাড়া জাতীয় সংসদের মাননীয় হুইপ খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল খুলনা মহানগরীতে ইলেক্ট্রিক বাস চালুর পরিকল্পনা হাতে নিচ্ছেন। সোনাডাঙ্গা বাসটার্মিনালে যাত্রীদের সহজ ও নিরাপদ ভ্রমনে কেডিএ’র পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীদের সকলকেই ঐক্যবদ্ধ ও সচেতনভাবে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কেডিএ সদস্য ( এস্টেট) মোঃ ইকবাল হোসেন, প্রধান প্রকৌশলী (চঃ দাঃ) কাজী মোঃ সাবিরুল আলম, পরিচালক (এস্টেট) ড. জাকিয়া সুলতানা, পরিকল্পনা কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ, নির্বাহী প্রকৌশলী (চঃ দাঃ) মোরতোজা আল মামুন। এছাড়া বাস মালিক সমিতি, পরিবহন শ্রমিক ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মোঃ রবিউল করিম, মোঃ আনোয়ার ইসলাম, এস এম মুর্শিদুর রহমান লিটন, জাকিরুল ইসলাম, মোঃ গোলাম আক্কাছ স্বাধীন, মোঃ সাইফুল মল্লিক, মোঃ আব্বাস, মোঃ শওকত মোল্লা, মোঃ ইয়াছিন মোল্লা, মোঃ শাহাবুদ্দিন বাবু, মোঃ বাবুল হোসেন, মোঃ আবুল কালাম আজাদ বাবু, মোঃ মোজাম্মেল হোসেন, রিয়াজুল কবির ও কাজী সহিদুল প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ