খুলনা | মঙ্গলবার | ২১ জুলাই ২০২৬ | ৬ শ্রাবণ ১৪৩৩

ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু

খবর প্রতিবেদন |
০৪:২৫ পি.এম | ২০ জুলাই ২০২৬

 

মশাবাহিত রোগ ডেঙ্গুতে ভুগে গত ২৪ ঘণ্টায় দেশে তিনজনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৩৭২ জন।

এ নিয়ে চলতি বছরে রোগটিতে মারা গেলেন মোট ৩৭ জন। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ১০ হাজার ৮৫৭ জন।

সোমবার (২০ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৬৭, চট্টগ্রাম বিভাগে ৫৪, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫২, খুলনা বিভাগে ৪৩, ময়মনসিংহ বিভাগে ২১, রাজশাহী বিভাগে ৪, রংপুর বিভাগে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৮৫৭ জন। এর মধ্যে চলতি মাসে এখন পর্যন্ত ৪ হাজার ৭৫৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৭ জনের। এর মধ্যে চলতি মাসে ১৯ জন মারা গেছে। আর জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক ও জুনে ১৩ জনের মৃত্যু হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ