খুলনা | মঙ্গলবার | ২১ জুলাই ২০২৬ | ৬ শ্রাবণ ১৪৩৩

খুলনায় ২৬ জন এতিম শিশু পেল খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী

নিজস্ব প্রতিবেদক |
১১:৪৯ পি.এম | ২০ জুলাই ২০২৬


খুলনায় এতিম শিশুদের মাঝে খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার নগরীর সোনাডাঙ্গাস্থ রহুমা সমাজকল্যাণ সোসাইটি মিলনায়তনে অনুষ্ঠিত ‘অরফ্যান কেয়ার প্রোগ্রাম-২৬’-এর আওতায় ২৬ জন এতিম শিশুর হাতে তিন মাসের খাদ্যসামগ্রী, হাইজিন প্যাক, শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী, পোশাক ও মৌসুমি ফল তুলে দেওয়া হয়। জাতীয় মানবিক উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের সহযোগিতায় মুসলিম এইড অস্ট্রেলিয়ার অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক রাশিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর খুলনা জেলা প্রতিনিধি মুহাম্মদ নূরুজ্জামান। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এস এ মুকুল। 
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি ৩০ কেজি চাল, ৬ লিটার সয়াবিন তেল, ৩ কেজি মসুর ডাল, ৩ কেজি চিনি, দেড় কেজি মিল্ক পাউডার, তিন জার হরলিক্স, তিন প্যাকেট নুডলস, দেড় কেজি বাদাম, তিন জার বিস্কুট, ৬ কেজি মৌসুমি ফল এবং তিন বক্স চকলেট। এসব খাদ্যসামগ্রী এপ্রিল থেকে জুন-এই তিন মাসের জন্য বরাদ্দ করা হয়েছে।
এছাড়া হাইজিন প্যাকের আওতায় টুথব্রাশ, টুথপেস্ট, সাবান, চিরুনি, নেইল কাটার, হ্যান্ডওয়াশ, বডি লোশন ও পেট্রোলিয়াম জেলি বিতরণ করা হয়। একই সঙ্গে শিশুদের জন্য বই, খাতা, পেন্সিল, কলম, রঙ পেন্সিল, পেন্সিল বক্স, আর্ট বই, আর্ট ফ্রেম, স্কুল ব্যাগ, ছাতা ও নবী-রাসূল সিরিজের বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়। পাশাপাশি ছেলে ও মেয়েদের জন্য পৃথকভাবে পোশাক, স্কুল জুতা ও মোজা বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে, যা বছরে একবার প্রদান করা হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। শিশুদের শিক্ষা, পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ দেশের বিভিন্ন জেলায় ‘অরফ্যান কেয়ার প্রোগ্রাম’র আওতায় এতিম শিশুদের জন্য খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রিন্ট

আরও সংবাদ