খুলনা | মঙ্গলবার | ২১ জুলাই ২০২৬ | ৬ শ্রাবণ ১৪৩৩

জুট স্লাইভার রপ্তানি বন্ধ চায় বিজেএ, বাণিজ্যমন্ত্রীকে চিঠি

নিজস্ব প্রতিবেদক |
০১:৩৭ এ.এম | ২১ জুলাই ২০২৬


কাঁচা পাট রপ্তানি বন্ধ থাকলেও ‘জুট স্লাইভার’ নামে পরিচিত কাঁচা পাটের একটি অংশ রপ্তানি হচ্ছে।  অবিলম্বে এটি বন্ধের দাবি জানিয়ে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরীকে চিঠি দিয়েছে বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশন (বিজেএ)। 
বিজেএর চিঠিতে জানানো হয়, ২০২৫ সালের ৮  সেপ্টেম্বর কাঁচা পাট রপ্তানিতে শর্ত আরোপের পর তা বন্ধ হয়ে যায়। তবে ১০ শতাংশ নগদ প্রণোদনা পাওয়ার সুযোগে জুট মিল মালিকরা নিয়মবহির্ভূতভাবে বিপুল পরিমাণ জুট স্লাইভার রপ্তানি চালিয়ে যাচ্ছেন। 
এর আগে ২০২৪ সালের ২৮ অক্টোবর জুট মিল ও জুট স্পিনার্স এ্যাসোসিয়েশন যৌথভাবে স্লাইভার বন্ধের দাবি জানালেও গত দেড় বছর ধরে তা অব্যাহত রয়েছে। চিঠিতে আরও বলা হয়, কাঁচা পাট খাতের সঙ্গে লক্ষাধিক শ্রমিকের জীবিকা জড়িত থাকলেও সেখানে কোনো প্রণোদনা নেই। পক্ষান্তরে, স্লাইভার প্রক্রিয়াকরণে শ্রমিকদের সম্পৃক্ততা নামমাত্র। পৃথক এইচএস কোড না থাকা সত্তে¡ও পাটজাত পণ্যের কোড ব্যবহার করে অসাধু উপায়ে সরকারি প্রণোদনা হাতিয়ে নেওয়া হচ্ছে, যা নীতিমালার পরিপন্থী।
বিজেএ'র চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির   জানান, কাঁচা পাট রপ্তানি বন্ধ থাকায় মিল মালিকরা একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ করছেন, ফলে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে স্লাইভারে ১০ শতাংশ প্রণোদনা দেওয়ায় সরকারের বিপুল অর্থের অপচয় হচ্ছে এবং পুরো পাটখাত মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। দেশীয় শিল্প ও কৃষক বাঁচাতে স্লাইভার রপ্তানি অবিলম্বে বন্ধ করা জরুরি। তিনি আরো বলেন, এ বিষয়ে গত ১৫ জুলাই আমরা চিঠি দিয়েছি। চলতি সপ্তাহ পাট মন্ত্রীর সাথে সাক্ষাতের কথা রয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ