খুলনা | মঙ্গলবার | ২১ জুলাই ২০২৬ | ৬ শ্রাবণ ১৪৩৩

জিয়াউর রহমান হত্যা মামলা: গ্রেফতার মোজাফফরের বিচার ট্রাইব্যুনালে

খবর প্রতিবেদন |
০২:০১ পি.এম | ২১ জুলাই ২০২৬

 

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ৪৫ বছর পর গ্রেফতার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করা হচ্ছে।

ইতোমধ্যে তাকে এই মামলায় ‘গ্রেফতার দেখানোর’ (শোন অ্যারেস্ট) জন্য ট্রাইব্যুনালে একটি আবেদন জমা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) ট্রাইব্যুনালের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালের মামলায় আসামি করার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদন জমা দেওয়া হয়েছে। আজই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে মাসুদ উদ্দীন চৌধুরীর একটি কথোপকথনের সূত্র ধরে গত বৃহস্পতিবার সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের পর তাকে চট্টগ্রামে জিয়া হত্যাকাণ্ডের মূল ঘটনাস্থলেও নিয়ে যাওয়া হয়েছিল।

তবে এই আসামির বিচার প্রক্রিয়া নিয়ে সরকারের দুই পক্ষের কথায় কিছুটা ভিন্নতা পাওয়া গেছে।

গতকাল সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, এই আসামির বিচার সামরিক আইনেই হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান হত্যা মামলার এই আসামির বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে৷’

কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানিয়েছে, মানবতাবিরোধী অপরাধের বিচারেই তাকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে।

প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, মোজাফফরকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার ও বিচারের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে৷ ইতোমধ্যে তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের অধীনে তদন্ত শুরু হয়েছে।

আজ ট্রাইব্যুনালে আবেদনের শুনানি শেষে তাকে আনুষ্ঠানিকভাবে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রিন্ট

আরও সংবাদ

জাতীয়

প্রায় ৫ ঘণ্টা আগে