খুলনা | বৃহস্পতিবার | ২৩ জুলাই ২০২৬ | ৭ শ্রাবণ ১৪৩৩

ইউনিয়ন চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা কেন স্নাতক নয়: হাইকোর্টের রুল

খবর প্রতিবেদন |
০২:৪৬ পি.এম | ২২ জুলাই ২০২৬

 

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ‘স্নাতক’ নিশ্চিতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

একইসঙ্গে চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে ব্যর্থ হওয়া স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৬ ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, রুলে সেটিও জানতে চাওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (২২ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে।

স্থানীয় সরকার (এলজিআরডি) সচিব, আইন সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মো. তানভীর আহমেদ খান।

রিট আবেদনের পেছনের যুক্তি তুলে ধরে আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান বলেন, একজন ইউপি চেয়ারম্যানকে নানা ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে। এর মধ্যে গ্রাম আদালত পরিচালনার মতো বিচারিক ক্ষমতাও রয়েছে। সেখানে তিনি তিন লাখ টাকা মূল্যমানের মামলা পরিচালনা করতে পারেন।

অথচ এই সমমনা ক্ষমতা যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের রয়েছে, তাকে আইনে স্নাতক সম্পন্ন করে বিজেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসতে হয়। কিন্তু এখানে চেয়ারম্যানের কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই, যোগ করেন তিনি।

এই বৈষম্যের কারণেই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর চেয়ারম্যানের যোগ্যতা সংক্রান্ত ২৬ ধারাটি চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করা হয় বলে জানান এই আইনজীবী। চেয়ারম্যান পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক করার দাবি জানানো হয়েছে রিটে।

প্রিন্ট

আরও সংবাদ