খুলনা | বৃহস্পতিবার | ২৩ জুলাই ২০২৬ | ৭ শ্রাবণ ১৪৩৩

এবার ফাঁস হলো আর্জেন্টিনার ড্রেসিংরুমের সেই বক্তব্য

ক্রীড়া প্রতিবেদক |
০২:৫৬ পি.এম | ২২ জুলাই ২০২৬

 

বিশ্বকাপ ফাইনাল শেষে লিওনেল মেসির একটি ছোট ভিডিও ক্লিপ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছিল নানা জল্পনা। মাত্র কয়েকটি শব্দ শুনেই অনেকে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দাঁড় করিয়েছিলেন। তবে এবার পুরো ভিডিও প্রকাশ্যে আসার পর স্পষ্ট হয়েছে, ম্যাচের আগে সতীর্থদের শান্ত রাখা এবং খেলায় মনোযোগ ফেরাতেই ওই কথা বলেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক।

যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের আগে টানেলে দাঁড়িয়ে সতীর্থদের উদ্দেশে অনুপ্রেরণামূলক কথা বলেন লিওনেল মেসি। আগে প্রকাশিত আংশিক ভিডিওতে শুধু ‘সবকিছু ভুলে যাও’ কথাটি শোনা যাওয়ায় সেটিকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে। অনেকেই মন্তব্যটির ভিন্ন অর্থ খোঁজার চেষ্টা করেন।

সম্প্রতি টিওআইসি স্পোর্ট পুরো ভিডিও প্রকাশ করলে সেই বিতর্কের অবসান হয়। ভিডিওতে দেখা যায়, মেসি প্রথমে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, দলের সবাই যেন চাপ না নিয়ে শুধু ম্যাচের দিকে মনোযোগ দেয়। এরপরই তিনি বলেন, ‘সবকিছু ভুলে যাও’ অর্থাৎ বাইরের সব চাপ ও চিন্তা দূরে রেখে শুধুই খেলায় মন দিতে বলেন তিনি।

ভিডিওতে আরও দেখা যায়, মাঠে নামার আগে আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে ম্যাচ পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল। গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ এবং ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো প্রতিপক্ষের আক্রমণ সামলানোর বিষয়ে নিজেদের মধ্যে কথা বলেন। অন্যদিকে লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস তাগালিয়াফিকো একে অপরকে উৎসাহ দিচ্ছিলেন।

এ সময় মেসিও রক্ষণভাগের খেলোয়াড়দের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। তিনি বলেন, প্রতিপক্ষ আক্রমণে উঠলে লিয়ান্দ্রো পারেদেস ও এনজো ফার্নান্দেজ যেন অযথা অনেক বেশি সামনে উঠে না যান। ম্যাচের আগে আত্মবিশ্বাসী কণ্ঠে দিবু মার্টিনেজও বলেন, ‘আজ আমার দিন, আজ ইতিহাস গড়ব।’

ফাইনালের পর ভাইরাল হওয়া ভিডিও নিয়ে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনিও প্রতিক্রিয়া জানিয়েছেন। মঙ্গলবার নিজ শহর পুজাতোয় ফেরার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তিনি সামাজিক যোগাযোগমাধ্যম অনুসরণ করেন না। তাই এ ধরনের আলোচনা বা গুঞ্জন সম্পর্কে তার কোনো ধারণা নেই বলেও জানান।’

প্রিন্ট

আরও সংবাদ