খুলনা | বৃহস্পতিবার | ২৩ জুলাই ২০২৬ | ৭ শ্রাবণ ১৪৩৩

ইতালিতে হামলার শিকার কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন

খবর প্রতিবেদন |
০৪:৫৩ পি.এম | ২২ জুলাই ২০২৬

 

সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ও কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে ইতালির রাজধানী রোমের তরপিনাতারা আবাসিক এলাকার একটি সড়কে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতের বেলায় এক ব্যক্তি বনি আমিনকে জাপটে ধরে আক্রমণাত্মক আচরণ করছেন। তিনি নিজেকে ছাড়িয়ে সড়ক দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে কয়েকজন তাকে ধাওয়া করেন। একপর্যায়ে সড়কে পার্ক করে রাখা একটি গাড়ির সামনে তাকে ফেলে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

ভিডিওতে হামলাকারীদের বাংলায় চিৎকার ও গালাগাল করতে শোনা যায়। তাদের কথাবার্তায় বাংলাদেশি আঞ্চলিক ভাষার টানও লক্ষ করা যায়।

ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা বনি আমিনকে বারবার ‘মৌলবাদী’ বলে সম্বোধন করছেন এবং একে অন্যকে হামলার জন্য উসকানি দিচ্ছেন।

ঘটনাটি রোমে ঘটেছে বলে জানা গেলেও হামলার সুনির্দিষ্ট কারণ এবং হামলাকারীদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের দাবি উঠলেও সেগুলোর কোনোটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বনি আমিন ঘটনার সময় মদ্যপ ছিলেন কি না কিংবা রাজনৈতিক মতভিন্নতার কারণে এ হামলা হয়েছে কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশি বংশোদ্ভূত বনি আমিন অস্ট্রেলিয়ার নাগরিক। নোয়াখালীর হাতিয়া উপজেলার জন্ম নেওয়া এই ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা বিশ্বের ৮০টির বেশি দেশ ভ্রমণের অভিজ্ঞতা ফেসবুকে নিয়মিত শেয়ার করে পরিচিতি পেয়েছেন। ভ্রমণের পাশাপাশি সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিষয়েও তিনি মতামত প্রকাশ করে থাকেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ব্যবহারকারী ঘটনার নিন্দা জানিয়েছেন। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন অনেকে।

প্রিন্ট

আরও সংবাদ