খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩

প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় আসছে ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক |
০৩:২৯ পি.এম | ২৫ জুলাই ২০২৬

 

চলতি বছরের অক্টোবরের শুরুতেই দক্ষিণ এশিয়া সফরে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল। একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার লক্ষ্যে কলকাতার যুবভারতী কিংবা ইডেন গার্ডেন্সে পা রাখতে পারে সেলেসাওরা। ব্রাজিলীয় সংবাদমাধ্যম 'ইএসপিএন ব্রাজিল' ও স্থানীয় সংবাদপত্র 'এস্তাদাও'র প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে, ব্রাজিল ফুটবল কনফেডারেশন এবং ভারতীয় আয়োজকদের মধ্যকার আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ, ভারতের কেরালা ও কলকাতার লাখ লাখ সমর্থকের হলুদ-সবুজ জার্সি পরে উল্লাসের ভিডিও বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। উপমহাদেশ জুড়ে ব্রাজিল দলের প্রতি কোটি ভক্তের এই অভূতপূর্ব ভালোবাসা সিবিএফ কর্তাদের দৃষ্টি আকর্ষণ করে। যার ফলশ্রুতিতেই তারা এই অঞ্চলে দল পাঠানোর বিষয়ে আগ্রহী হয়।

২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ধার্য করা ফিফা উইন্ডোতে ব্রাজিল মূলত তিনটি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে। ২৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে সেলেসাওরা। (টাউনসভিল) এরপর ২৯ সেপ্টেম্বরও খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে (ব্রিসবেন, সানকর্প স্টেডিয়াম)।

এরপর অক্টোবরের ১ম সপ্তাহে সম্ভাব্য প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় আসতে পারে ব্রাজিল।

বাংলাদেশ, কাতার কিংবা সিঙ্গাপুরেও ম্যাচ আয়োজনের প্রস্তাব ছিল, তবে অতিরিক্ত ভ্রমণ ও খেলোয়াড়দের ওপর চাপের কথা চিন্তা করে সিবিএফ শুধুমাত্র একটি ম্যাচ ভারতের মাটিতে খেলার দিকেই এগোচ্ছে।

ব্রাজিলের প্রতিপক্ষ কারা হবে তা এখনও চূড়ান্ত হয়নি, সেটি ভারত জাতীয় দল নাকি অন্য কোনো দল হবে, তা চুক্তির বিস্তারিত প্রক্রিয়া শেষ হলেই জানা যাবে। যদি এই ম্যাচটি বাস্তবায়িত হয়, তবে এটি কলকাতার সাথে ব্রাজিলিয়ান ফুটবলের ঐতিহাসিক সম্পর্কের আরও একটি নতুন অধ্যায় রচনা করবে, যেখানে ১৯৭৭ সালে কিংবদন্তি পেলে নিউ ইয়র্ক কসমসের হয়ে মোহনবাগানের বিরুদ্ধে খেলেছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ