খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩

আজ দায়িত্ব গ্রহণ, প্রথম কর্মদিবসে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত কর্মসূচি

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি থাকবেন সংসদ এলাকায়

খবর প্রতিবেদন |
০১:৫৪ এ.এম | ২৬ জুলাই ২০২৬


স্বাস্থ্যগত কারণে মোঃ সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পর আলোচনা ছিল তিনি কোথায় থাকবেন। তবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জানিয়েছেন, বঙ্গভবনে অফিস করলেও তিনি থাকবেন সংসদ এলাকায় স্পিকারের জন্য নির্ধারিত বাসভবনে।
নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জানিয়েছেন, তিনি নিয়মিত দাফতরিক কার্যক্রম পরিচালনা করবেন বঙ্গভবনে। তবে বাসস্থানের বিষয়ে তিনি সংসদ ভবনের আশেপাশের এলাকায় স্পিকারের নির্ধারিত বাসভবনেই থাকবেন।
এদিকে শুক্রবার বিকেল থেকেই সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাসভবন ও এর চারপাশের নিরাপত্তায় রাষ্ট্রপতির জন্য নিয়োজিত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে আজ রোববার শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত কর্মসূচি রয়েছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির। বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বেলা সাড়ে ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন।
দুপুর সাড়ে ১২টায় শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত করবেন তিনি।
প্রজ্ঞাপন জারি : এর আগে শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। 
প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ২৪ জুলাই ২০২৬ তারিখে রাষ্ট্রপতির পদ ত্যাগ করায় সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে শুক্রবার মোঃ সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগে করলে সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রোববার সকাল ১১টা ৩০ মিনিট ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতি সৌধে বীর শহীদদের জাতীয় স্মৃতি স্তম্ভের পুস্তক অর্পণ করবেন এবং সাড়ে ১২টা ৩০ মিনিট শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কবরে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত করবেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন মোঃ সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত তাঁর পাঁচ বছরের মেয়াদ থাকার কথা থাকলেও, মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই বছর আগে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার তিনি পদত্যাগ করেন।
মোঃ সাহাবুদ্দিনের প্রায় তিন বছরের দায়িত্বকাল ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম প্রধান ঘটনাবহুল অধ্যায়। তাঁর মেয়াদকালেই ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিনের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরবর্তীতে অন্তর্বতীকালীন সরকার গঠন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া তাঁর মেয়াদেই সম্পন্ন হয়। বাংলাদেশের ইতিহাসে বিরল দৃষ্টান্ত হিসেবে তিনি তাঁর স্বল্পমেয়াদি দায়িত্বকালে মোট তিনজন সরকার প্রধানকে শপথবাক্য পাঠ করান।

প্রিন্ট

আরও সংবাদ