খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩

রামপাল খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে চায়না প্রতিনিধির পরিদর্শন

রামপাল প্রতিনিধি |
০২:০৮ এ.এম | ২৬ জুলাই ২০২৬


রামপালের খানজাহান আলী বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে পরিদর্শন করেছেন চীনা কোম্পানির প্রতিনিধি। শনিবার বিকালে পরিদর্শনকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। 
জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ৩০ বছর পূর্বে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন ও ৭৫ একর ভূমি অধিগ্রহণ করেছিলেন। নানান জটিলতায় বিমানবন্দরটি নির্মাণ আটকে আছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিমানবন্দর নির্মাণের জন্য আরো ৫শ’ একরের বেশী জমি অধিগ্রহণ করা হয়। এ ছাড়াও বিমানবন্দরের ওয়াল নির্মাণসহ কিছু মাটি ভরাাটের কাজ হয়। বিগত সরকার প্রাইভেট-পাবলিক পার্টনারশিপের ভিত্তিতে বিমানবন্দরটি নির্মাণের চেষ্টা করে এবং অধিগ্রহণের কাজ চলমান রাখে। তবে কোন কোম্পানি বা সংস্থা বিমানবন্দর নির্মাণ আগ্রহ দেখায়নি। যে কারণে নির্মাণ কাজ ব্যাহত হয়। 
বর্তমান সরকারের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন এই বিমানবন্দর নির্মিত হলে এখানের অর্থনীতি সমৃদ্ধি হবে। আমাদের মোংলা বন্দরের সক্ষমতা বাড়বে। সুনীল অর্থনীতি, ইপিজেড, অর্থনৈতিক জোন, সুন্দরবনকে ঘিরে পর্যটন, পণ্য পরিবহন এমনকি দ্রুত যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। পরিদর্শনকালে কেডিএ এর প্রশাসক ও খুলনা জেলা বিএনপি’র আহবায়ক এড. শফিকুল আলম মনা, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, চীনা কোম্পানির প্রতিনিধি মি. পিটারসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চীনা প্রতিনিধি মি. পিটার বিমানবন্দর পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে বলেন, আমি সরকারের সংশ্লিষ্ট বিভাগের সাথে আলোচনা করবো এবং আমরা আন্তরিক।

প্রিন্ট

আরও সংবাদ