খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১০ শ্রাবণ ১৪৩৩

মোংলায় দিনব্যাপী সংলাপে কেসিসি প্রশাসক

সরকার সুন্দরবনকে নিয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে চায়

খবর বিজ্ঞপ্তি |
০২:১০ এ.এম | ২৬ জুলাই ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, পাঁচটি জেলার ওপর সুন্দরবনের অবস্থান। সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষাসহ বিশাল একটি অক্সিজেন ব্যাংক হিসেবে এই সুন্দরবন আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বর্তমান সরকার সুন্দরবনকে নিয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে চায়। সে জন্য নির্বাচনী ইশতেহারে সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলে টেকসই ভেড়িবাঁধ নির্মাণ ও আধুনিক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উপকূলীয় সুরক্ষা নিশ্চিত করাসহ সহনশীল কৃষিতে কর্মসংস্থান সৃষ্টি, উপকূলীয় অঞ্চলের সমন্বিত উন্নয়নে একটি বিশেষায়িত উপকূল জোন গঠন করাসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।  
গতকাল শনিবার বিকেলে মোংলা উপজেলা অডিটরিয়ামে “টেকসই উন্নয়নের জন্য সুন্দরবন ও উপক‚লীয় জীবিকার সুরক্ষা” শীর্ষক দিনব্যাপী সংলাপের বিশেষ অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সহ ব্রাইটার্স, পশুর রিভার ওয়াটারকিপার, সচেতন ফাউন্ডেশন এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ যৌথভাবে এ নাগরিক সংলাপের আয়োজন করে। 
মোংলা সরকার কলেজের অধ্যাপক কেএম রব্বানী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার শেখ মোঃ জাকির হোসেন, মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র মোঃ জুলফিকার আলী, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জয়দেব চক্রবর্তী। অন্যান্যের মধ্যে সুন্দরবন ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশনের সভাপতি জুবায়ের হীরা, উপকূলীয় সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, ব্রাইটার্স-এর পরিচালক সাইদুর রহমান সিয়াম ও সভাপতি ফারিহা অমি, ইয়ুথ ফর সুন্দরবনের সাধারণ সম্পাদক মোঃ শাহিন খলিফা, নারী নেত্রী ও পরিবেশ কর্মী গীতা হালদার ও কমলা সরকার, জেলে সমিতির সভাপতি বিদ্যুৎ মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হালদার, ঢাংমারী ডলপিন সংলক্ষণ দলের দলনেতা ইস্রাফিল, পৌর এলাকাবাসী রাফিয়া জাহান মিশু প্রমুখ বক্তৃতা করেন। সঞ্চালনা করেন ধরা-বরগুনা শাখার সদস্য সচিব মুশফিক আরিফ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন পশুর রিভার ওয়াটারকিপারের নূর আলম শেখ।

প্রিন্ট

আরও সংবাদ