খুলনা | সোমবার | ২৭ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, জনবল ব্যবহার হবে অন্য নিরাপত্তায়

খবর প্রতিবেদন |
০১:১২ এ.এম | ২৭ জুলাই ২০২৬


সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে বর্তমান মন্ত্রিসভার ১৮ জন মন্ত্রীর জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দেওয়া বিশেষ পুলিশ এসকর্ট (প্রটেকশন) সুবিধা প্রত্যাহার করা হয়েছে। গত ২০ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ছয়জন মন্ত্রী ও একজন উপদেষ্টার জন্য পুলিশের এসকর্ট সুবিধা আগের মতো বহাল রয়েছে।
ডিএমপির প্রটেকশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোঃ শাহরিয়ার আলম জানান, বর্তমান মন্ত্রিসভার ১৮ সদস্যের নিরাপত্তায় নিয়োজিত মোট ৮৮ জন পুলিশ সদস্য এবং তাদের ব্যবহৃত গাড়ি সরকারের নির্দেশে প্রত্যাহার করা হয়েছে। ২০ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এসকর্ট কমানোর ফলে গাড়ি ও জনবলের ওপর চাপ কিছুটা কমবে। ফলে এসব গাড়ি ও পুলিশ সদস্যকে অন্যান্য জরুরি নিরাপত্তা ও প্রটেকশন কার্যক্রমে ব্যবহার করা সম্ভব হবে।
ডিএমপির প্রটেকশন বিভাগ সূত্রে জানা গেছে, মন্ত্রীদের চলাচলের সময় সামনে থাকা পুলিশি সুরক্ষার গাড়িকে এসকর্ট বা প্রটেকশন গাড়ি বলা হয়। প্রতিটি গাড়িতে সাধারণত পাঁচ সদস্যের একটি পুলিশ দল দায়িত্ব পালন করে।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর অভিপ্রায়ের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ডিএমপি এ সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে।
তবে ঢাকার বাইরে সরকারি সফরের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী সব মন্ত্রীর জন্য পুলিশের নিরাপত্তা ও প্রহরার ব্যবস্থা রাখা হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ