খুলনা | সোমবার | ২৭ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

বৃক্ষরোপণ করলেই হবে না সেগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও নিশ্চিত করতে হবে : বন প্রতিমন্ত্রী

তথ্য বিবরণী |
০২:১৯ এ.এম | ২৭ জুলাই ২০২৬


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও নিশ্চিত করতে হবে। সামাজিক ও পারিবারিক জীবনের প্রতিটি পর্যায়ে বৃক্ষরোপণকে একটি নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে। জেলা ও অঞ্চলের পরিবেশ-প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে উপযুক্ত প্রজাতির গাছ নির্বাচন করে রোপণ করা প্রয়োজন। গতকাল রোববার খুলনা সিটি কর্পোরেশনের শহিদ আলতাফ মিলনায়তনে বৃক্ষরোপণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্ষাকালের মধ্যেই সীমাবদ্ধ না থেকে সারা বছরই বৃক্ষরোপণের উদ্যোগ অব্যাহত রাখতে হবে। ব্যাপক বৃক্ষরোপণ কার্বন নিঃসরণ কমাতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, কাঠ পুড়িয়ে কোনো ইটভাটায় ইট উৎপাদন করতে দেওয়া হবে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সব জেলা প্রশাসক  ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশবান্ধব প্রযুক্তি হিসেবে ব্লকের ব্যবহার দিন দিন আরও বাড়াতে হবে।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান। স্বাগত বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন কেসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আনিসুর রহমান।
সভায় কেসিসি সচিব মোঃ রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খানসহ বিভিন্ন শাখার কর্মকর্তা, ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। পরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী খুলনা শহিদ হাদিস পার্কে বৃক্ষরোপণ করেন।

প্রিন্ট

আরও সংবাদ