খুলনা | মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১২ শ্রাবণ ১৪৩৩

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থী ঠিক করবে দল: মির্জা ফখরুল

খবর প্রতিবেদন |
০২:২৭ পি.এম | ২৭ জুলাই ২০২৬

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে দল সিদ্ধান্ত নিয়ে প্রার্থী মনোনয়ন দেবে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের সমর্থন ও ভোটে সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। বিএনপি এর আগে পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে।

জামায়াতে ইসলামীর উদ্দেশে তিনি বলেন, যারা বিএনপিকে ফ্যাসিবাদী দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। জামায়াতে ইসলামীর আমিরকে তাঁদের দলের গঠনতন্ত্র পড়ার পর নিজেদের দল গণতান্ত্রিক কি না, তা বিবেচনা করার আহ্বান জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তবে এ বছরের শেষে না হলেও আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

কৃষি বিষয়ে তিনি বলেন, সরকার কৃষির উন্নয়নে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে। কৃষিকে লাভজনক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ এবং কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন করেন। পরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত পল্লী মেলার উদ্বোধন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এ সময় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক রুহুল আমিন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ সরকারি কর্মকর্তা ও বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ