খুলনা | মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১২ শ্রাবণ ১৪৩৩

শিক্ষিকার ভিডিও নিয়ে ট্রলের ঘটনায় জিডি, পেজ শনাক্তে তদন্তে পুলিশ

খবর প্রতিবেদন |
০১:৫০ এ.এম | ২৮ জুলাই ২০২৬


সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচকভাবে প্রচার ও সেটা নিয়ে বিভিন্ন ফেসবুক পেজে ট্রলের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী শিক্ষিকা। সোমবার ফেঞ্চুগঞ্জ থানার ওসি মোঃ লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত শুক্রবার জিডি করেন ওই শিক্ষিকা।
ওসি বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। আমরা ট্রল করা পেজগুলো শনাক্তের চেষ্টা করছি। উনি (শিক্ষিকা) যদি বিভ্রান্ত বা বিব্রত বোধ করেন, অথবা যদি মনে করেন উনার মানহানি হয়েছে, তবে বিষয়টি সেভাবেই দেখা হবে।
এর আগে, গত বৃহস্পতিবার ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পালের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে ডিফারেন্ট টাচ ব্যান্ডের ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে তাকে হাঁটতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একাংশের সমালোচনা ও ট্রলের মুখে পড়েন তিনি।
তবে এ ঘটনায় শিক্ষক, লেখক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিউটি রানী পালের প্রতি সংহতি প্রকাশ করেছেন। অনেক শিক্ষক একই ধরনের ভিডিও প্রকাশ করে তার পাশে দাঁড়িয়েছেন।
দীপা মণ্ডল নামের এক শিক্ষক ফেসবুকে লিখেছেন, শিক্ষকদের নাচ, গান, অভিনয়সহ বিভিন্ন সৃজনশীল দক্ষতা অর্জনের কথা বলা হয়। অথচ একজন শিক্ষক ব্যক্তিগত আনন্দের একটি মুহূর্ত প্রকাশ করলে সেটিকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। শাড়ি পরা একজন শিক্ষকের সাধারণ হাঁটার ভিডিওকে অশ্লীলতার সঙ্গে যুক্ত করারও সমালোচনা করেন তিনি।
বিউটি রানী পাল অভিযোগ করেন, আসিফ ইকবাল হিরণ নামের এক প্রবাসী তরুণ ‘প্রিয় ফেঞ্চুগঞ্জ’ নামের পেজ থেকে প্রথমে ভিডিওটি নেতিবাচকভাবে প্রচার করেন। পরে আরো বিভিন্ন পেজ থেকে ট্রল করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ