খুলনা | মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১২ শ্রাবণ ১৪৩৩

নগরীতে প্রকাশ্য দিবালোকে যুবককে গুলি ও কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক |
০২:১৫ এ.এম | ২৮ জুলাই ২০২৬


নগরীর লবণচরা এলাকায় প্রকাশ্য দিবালোকে এক যুবককে গুলি ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে রূপসা রিভারভিউ ইকোপার্ক এলাকায় সংঘটিত এ বর্বরোচিত হামলার পর  মোঃ আরিফ শিকদার (২৪)-কে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আরিফ লবণচরা থানার ইকোপার্ক মাথাভাঙ্গা এলাকার মোঃ আবুল কালাম সিকদারের ছেলে।
স্থানীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে ইকোপার্ক মাথাভাঙ্গা এলাকায় অবস্থান করছিলেন মোঃ আরিফ। এ সময় হঠাৎ দু’টি মোটরসাইকেলে করে ছয়জন সশস্ত্র সন্ত্রাসী এসে তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। একটি গুলি তার বুকের ডান পাশে বিদ্ধ হয়। এতে ক্ষান্ত না হয়ে পরে তারা ধারালো চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখমের পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত আরিফের চিৎকার শুনে আশেপাশের বাসিন্দারা দ্রুত ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে অবিলম্বে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।  তবে কারা এবং কী কারণে তার ওপর এ হামলা করেছে, তা স্থানীয় বাসিন্দাদের কেউ বলতে পারেনি। 
এদিকে হামলার শিকার আরিফ এখনো পর্যন্ত হামলাকারীদের কাউকেই শনাক্ত করতে পারেননি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। পূর্ব শত্র“তার জেরে নাকি অন্য কোনো কারণে এই হামলা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 
লবণচরা থানা পুলিশ জানিয়েছে, হামলাকারীদের পরিচয় শনাক্ত করতে এবং এই জঘন্য অপরাধের পেছনের কারণ উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে তদন্ত ও অভিযান শুরু করেছে।
লবণচরা থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, আরিফ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কে বা কারা তার ওপর হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত।
 

প্রিন্ট

আরও সংবাদ