খুলনা | মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১২ শ্রাবণ ১৪৩৩

দৌলতপুরে বিএনপি নেতা রিয়াজকে হত্যাচেষ্টা

পিবিআই’র চার্জশিট বিতর্কিত দাবি ভুক্তভোগীর তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও পক্ষপাতিত্বের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক |
০২:১৬ এ.এম | ২৮ জুলাই ২০২৬


নগরীর দৌলতপুরে বিএনপি নেতা ও ব্যবসায়ী রিয়াজ সাহেদকে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে নৃশংসভাবে হত্যাচেষ্টা মামলায় পিবিআই-এর (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) দাখিলকৃত চার্জশিট নিয়ে চরম বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পর্যাপ্ত তথ্য-প্রমাণ ও সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্তে¡ও মূল আসামিদের বাদ দিয়ে চার্জশিট দেওয়ায় তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে।
অভিযোগ উঠেছে, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক রবিন চন্দ্র মন্ডল মোটা অঙ্কের টাকায় প্রভাবিত হয়ে অভিযুক্ত আসামি সুলতান মাহমুদ পিন্টুসহ একাধিক প্রভাবশালী আসামিকে চার্জশিট থেকে অব্যাহতির সুপারিশ করেছেন। ফলে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সর্বস্তরের মানুষের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
গুলিবিদ্ধ হয়ে অলৌকিকভাবে বেঁচে যাওয়া বিএনপি নেতা রিয়াজ সাহেদ সরাসরি ক্ষোভ প্রকাশ করে জানান, তদন্ত কর্মকর্তা আসামি সুলতান মাহমুদ পিন্টুর কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে ও তার দ্বারা প্রভাবিত হয়ে পিন্টুসহ বেশ কয়েকজন অপরাধীকে মামলা থেকে বাদ দিয়েছেন। তিনি আরও জানান, ঘটনার পর তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ও মারাত্মক অসুস্থ থাকায় বাধ্য হয়ে কর্মচারী রফিকুল ইসলামকে বাদী করে মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু বর্তমানে মামলার বাদীর ভূমিকা নিয়েও তার মনে নানা সন্দেহ দানা বাঁধছে।
এদিকে পিবিআই’র দাখিলকৃত চার্জশিটে দণ্ডবিধির ৩২৬/৩০৭/৩৪ ধারায় অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। তারা হলেন আরমান হোসেন মোল্লা ওরফে দিপু (৩৫), হুমায়ুন কবির ওরফে হুমা (৩৬), মোঃ নাছিমুল গনি ওরফে নাছিম (৫৭), মোঃ আলি মোল্লা ওরফে রায়হান (৩২) এবং জাকারিয়া মিন্টু (৪২)। মামলায় ২নং আসামি আজম তালুকদার পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
অন্যদিকে, মূল রহস্য উন্মোচন না করে হত্যাচেষ্টায় সরাসরি যুক্ত ও সহায়তাকারী আসামি সুলতান মাহমুদ পিন্টু, মোঃ ফয়সাল আহমেদ দ্বীপ, সুজন মল্লিক এবং এস এম তাজিবীর আলম ওরফে তমালকে দায়মুক্তি দিয়ে অভিযোগপত্র জমা দেওয়ায় পুলিশের নিরপেক্ষতা ও তদন্তের স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের ৪ সেপ্টেম্বর রাতে বিএনপি নেতা ও ব্যবসায়ী রিয়াজ সাহেদ মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে দৌলতপুর বিএল কলেজ রোডে ওত পেতে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে পরপর একাধিক গুলি চালায়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এই বিতর্কিত চার্জশিট প্রত্যাখ্যান করে পুনরায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

প্রিন্ট

আরও সংবাদ