খুলনা | বুধবার | ২৯ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩

মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনা ইরানের

খবর প্রতিবেদন |
০৩:৫৯ পি.এম | ২৮ জুলাই ২০২৬

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে হত্যা করার পরিকল্পনা নিয়েছে ইরান। আজ মঙ্গলবার এ সংক্রান্ত একটি ভিডিওচিত্রও পোস্ট করা হয়েছে।

‘মেলানিয়া ট্রাম্পকে কীভাবে হত্যা করা যাবে’ (হাউ টু কিল মেলানিয়া ট্রাম্প) নামের এই ভিডিও চিত্রটি প্রকাশ করেছে ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ।

দু’মিনিটের সেই ভিডিওতে কীভাবে মেলানিয়াকে ‘লক্ষ্যবস্তু’ করা যাবে—সে বিবরণ দেওয়া হয়েছে ফার্সি ভাষায়। ভিডিও চিত্রের শুরুতেই দেখানো হয়েছে নিউইয়র্ক সিটির সড়ক ধরে গাড়ির একটি শোভাযাত্রা যাচ্ছে এবং তার আশপাশে কিছু ভবন দেখা যাচ্ছে।

ভিডিওর ধারা বিবরণীতে মেলানিয়ার হাল ফ্যাশনের পোশাকের প্রতি দুর্বলতার দিকটি উল্লেখ করে বলা হয়েছে, মার্কিন ফার্স্টলেডির এই দুর্বলতাই তার প্রাণনাশের কারণ হবে।

আরও বলা হয়েছে, মেলানিয়ার যে স্টাইল টিম রয়েছে— সে টিমের কাউকে অর্থ দিয়ে হাত করতে হবে; তাকে হাত করার মাধ্যমেই মেলানিয়া কোন ফ্যাশন হাউসে পোশাক কিনতে যাবেন— তা সুনির্দিষ্টভাবে জানতে হবে।

এটি জানার পর সেই আগে থেকেই সেই ফ্যাশন হাউসে গিয়ে যে পোশাকটি তিনি কিনবেন কিংবা কেনার সম্ভাবনা সবচেয়ে বেশি— সেই পোশাকে নার্ভ এজেন্ট ভিএক্স নামের একটি তরল বিষ ছিটিয়ে দিতে হবে।

এ সম্পর্কে ভিডিওতে বলা হয়েছে, নার্ভ এজেন্ট ভিএক্স একটি গন্ধহীন তৈলাক্ত তরল এবং কোনো ব্যক্তি যদি এই তরলের সংস্পর্শে আসে— তাহলে পরবর্তী ১৮ ঘণ্টা ৩০ মিনিটের মধ্যে তার মৃত্যু ঘটে।

ভিডিওতে মেলানিয়ার স্টাইল টিমের সদস্যদের সবার নাম, তার নিরাপত্তার জন্য নিয়োজিত গোয়েন্দা বাহিনীর কোডনেম এবং সম্ভাব্য বোমা হামলা থেকে মেলানিয়াকে রক্ষার জন্য গোয়েন্দা বাহিনী কী ধরনের কৌশল ব্যবহার করতে পারে— সে সম্পর্কেও উল্লেখ আছে।

ভিডিওর শেষ পর্যায়ে ট্রাম্প-মেলানিয়া দম্পতির ছেলে ব্যারন ট্রাম্পকে (২০) হুমকি দিয়ে বলা হয়েছে, “এটা মাত্র শুরু। ব্যারন ট্রাম্প, আমাদের জন্য অপেক্ষা করো।”

এদিকে মেলানিয়া ট্রাম্পের নিরাপত্তায় নিয়োজিত গোয়েন্দা বাহিনী মার্কিন সাময়িকী নিউজউইকের কাছে স্বীকার করেছে যে তারা ভিডিওটি পেয়েছে এবং দেখেছে। বর্তমানে ভিডিওটির পর্যালোচনা চলছে বলে জানিয়েছেন মেলানিয়ার নিরাপত্তা টিমের সদস্যরা।
সূত্র : ফিন্যান্সিয়াল এক্সপ্রেস

প্রিন্ট

আরও সংবাদ