খুলনা | বুধবার | ২৯ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপের পর জিদানকেই নতুন কোচ বানাল ফ্রান্স

ক্রীড়া প্রতিবেদক |
০৪:১৩ পি.এম | ২৮ জুলাই ২০২৬

 

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জিনেদিন জিদান। চার বছরের চুক্তিতে সই করেছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ।

আজ প্যারিসে ফেডারেশনের সদর দপ্তরে সংবাদ সম্মেলনের মাধ্যমে দিদিয়ের দেশমের উত্তরসূরি হিসেবে জিদানকে পরিচয় করিয়ে দিয়েছেন ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি ফিলিপ দিয়ালো। দিয়ালো জানান, ২০২৬ বিশ্বকাপ শেষে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহ পরই দেশমের উত্তরসূরি হিসেবে জিদানের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ শুরু করেন তিনি।

সংবাদ সম্মেলনের শুরুতেই দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করা অগ্নিনির্বাপণকর্মীদের প্রতি সমর্থন জানান জিদান। একই সঙ্গে দীর্ঘদিনের সফল কোচ দিদিয়ের দেশমকেও অভিনন্দন জানান তিনি।

এরপর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে জিদান জানান, গত পাঁচ বছর কোচিংয়ের বাইরে থাকলেও একাধিক ক্লাব ও জাতীয় দলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। কারণ, তার লক্ষ্য ছিল একটাই—ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়া।

তিনি বলেন, রিয়াল মাদ্রিদে আমার অভিজ্ঞতার পর আমি অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু সবগুলোই ফিরিয়ে দিয়েছি, কারণ আমার লক্ষ্য ছিল শুধুই ফ্রান্স জাতীয় দল। এটাই ছিল একমাত্র দায়িত্ব, যা আমি নিতে চেয়েছিলাম। এই দলের সঙ্গে কাজ করা এবং দলকে জয়ের ধারায় রাখাই এখন আমার সবচেয়ে বড় কাজ।

ফ্রান্সের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণের দিনটিকে নিজের কোচিং ক্যারিয়ারের সেরা মুহূর্ত বলেও উল্লেখ করেন জিদান, আজকের দিনটি আমার কোচিং জীবনের সবচেয়ে আনন্দের দিন।

দীর্ঘ একটা সময় কোচিং ক্যারিয়ারের বাইরে ছিলেন জিদান। সবশেষ ২০২১ সালে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে কাজ করেছিলেন জিদান। দ্বিতীয় মেয়াদে রিয়ালের কোচের দায়িত্ব ছাড়ার পাঁচ বছর পর এই পেশায় ফিরলেন জিদান। চার বছর মেয়াদে জিদানকে কোচ হিসেবে নিযুক্ত করল ফ্রান্স। সেই হিসেবে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তিনি ফরাসিদের ডাগআউট সামলাবেন।

১৯৯৮ সালে ফ্রান্সের খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন জিদান। কোচ হিসেবে রিয়াল মাদ্রিদকে ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন। তাঁর অধীনে লস ব্লাঙ্কোসরা এই তিনবারই চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে। দুই মেয়াদে রিয়ালের দায়িত্বে থেকে দলকে দুইবার করে উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপও জিতিয়েছেন তিনি। ব্যক্তিগত পুরস্কারে তাঁর ক্যাবিনেট তো টইটুম্বুর।

জিদানের আগে দীর্ঘ ১৪ বছর ফ্রান্সের কোচ ছিলেন দিদিয়ের দেশম। ফ্রান্স দেশমের অধীনে ২০১৮ বিশ্বকাপ জয়ের পাশাপাশি একবার করে নেশনস লিগ ও ইউরো জিতেছে। সদ্য সমাপ্ত বিশ্বকাপে ফ্রান্স ৬-৪ গোলে ইংল্যান্ডের কাছে হেরে চতুর্থ হয়েছে। সেমিফাইনালেই ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিদায়ঘণ্টা বাজিয়ে দেওয়া স্পেনই হয়েছে চ্যাম্পিয়ন। ১৯ জুলাই নিউজার্সিতে ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ জিতেছে স্প্যানিশরা।

ফুটবল বিশ্বকাপে চতুর্থ ব্যক্তি হিসেবে খেলোয়াড়, কোচ দুই ভূমিকাতে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে জিদানের। এখন পর্যন্ত এই কীর্তি গড়েছেন ব্রাজিলের মারিও জাগালো, জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও ফ্রান্সের দেশম।

প্রিন্ট

আরও সংবাদ