খুলনা | বুধবার | ২৯ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩

ফরিদপুরে ফয়সালকে কুপিয়ে হত্যায় ৩ যুবকের মৃত্যুদণ্ড

খবর প্রতিবেদন |
০৪:৩৪ পি.এম | ২৮ জুলাই ২০২৬


ফরিদপুরে ফয়সাল শেখ (২২) নামে এক সবজি বিক্রেতাকে কুপিয়ে হত্যা মামলায় তিন যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মাদ বদিউজ্জামান এ আদেশ দেন।

রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাবুল আকন্দ (৩৬) আদালতে উপস্থিত ছিলেন। অন্য দুজন চান সরদার (৪২) ও তারা সরদার (৩৫) পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরে পুলিশ পাহারায় বাবুল আকন্দকে কারাগারে নিয়ে যাওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সবার বাড়ি ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার।

বিষয়টি নিশ্চিত করে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) চৌধুরী জাহিদ হাসান জানান,  দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণের মধ্যে দিয়ে আদালতে হত্যাকাণ্ডটি সন্দেহতীতভাব প্রমাণিত হওয়ায় তিন আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারক।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৫ সেপ্টেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবনে ডেকে নিয়ে সবজি বিক্রেতা ফয়সাল শেখকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় ফয়সাল।

পরদিন নিহতের মা ফিরোজা বেগম বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর সিআইডির পুলিশ পরিদর্শক মো: শাহজাহান মিয়া ২০১৩ সালের ৩১ জুলাই চার আসামির নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষী ও শুনানি শেষে মঙ্গলবার দুপুরে রায় ঘোষণা করেন আদালতের বিচারক।

প্রিন্ট

আরও সংবাদ