খুলনা | বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩

নড়াইলে ঘেরে ডুবে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

নড়াইল প্রতিনিধি |
১২:৪৯ এ.এম | ৩০ জুলাই ২০২৬


নড়াইল পৌরসভা এলাকায় মাছের ঘেরের পানিতে ডুবে সুমাইয়া খানম (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে পৌরসভার বেনাডোপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া বেনাডোপ গ্রামের রওশন মোল্লার মেয়ে। সে বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের একটি মাছের ঘেরের দিকে চলে যায় সুমাইয়া। কিছুসময় পর তাকে বাড়িতে না পেয়ে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের মাছের ঘেরের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। পরে উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আসিফ আকবর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ