খুলনা | বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ | ১৪ শ্রাবণ ১৪৩৩

ইরানের ওপর চাপ বাড়াতে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

খবর প্রতিবেদন |
০১:২৮ এ.এম | ৩০ জুলাই ২০২৬


ইরানের ওপর চাপ আরও বাড়াতে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এই দফায় তেল পরিবহনে ব্যবহৃত আটটি ট্যাংকার ও ১০টি প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) মার্কিন অর্থ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মার্কিন অর্থ বিভাগের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইরানের তেল বাণিজ্য ও কথিত ‘শ্যাডো ফ্লিট’-এর কার্যক্রম সীমিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ওয়াশিংটন ইরানের জ্বালানি খাতকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে আসছে। সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির অংশ হিসেবে নতুন এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

মার্কিন অর্থ বিভাগের দাবি, এ পদক্ষেপের উদ্দেশ্য হলো তেহরানের অস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে ইরান-সমর্থিত প্রক্সি গোষ্ঠীগুলোর অর্থায়নের উৎস সীমিত করা।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তেহরানকে এর জন্য চরম মূল্য দিতে হবে।’ জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ইরানের হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমরা তাদের ভয়াবহভাবে আঘাত করব। আমরা তাদের ওপর প্রচণ্ড হামলা চালাব। তারা এর কঠিন মূল্য দেবে।’

অন্যদিকে, জর্ডানে লক্ষ্য করে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই মাঝ আকাশে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। ওই দাবির পরই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিষয়ে আরও কড়া সতর্কবার্তা দেন ট্রাম্প।

ট্রাম্প ক্ষেপণাস্ত্র হামলাকে ‘আকস্মিক হামলা’ হিসেবে উল্লেখ করে বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটির দিকে ধেয়ে আসার পর প্রতিক্রিয়া জানানোর জন্য মার্কিন সেনাদের হাতে মাত্র কয়েক মিনিট সময় ছিল।
সূত্র: আলজাজিরা

প্রিন্ট

আরও সংবাদ