খুলনা | বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ | ১৪ শ্রাবণ ১৪৩৩

বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো গুম-খুন হয়নি : পার্থ

খবর প্রতিবেদন |
০১:৪৭ এ.এম | ৩০ জুলাই ২০২৬


বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান (বিজেপি) ও ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, গত ১৭ বছর যে সরকার ছিল তাদের তুলনায় বর্তমান সরকারকে আমি ভালো দেখি। পত্রিকার পাতায় কোনো গুম, খুন, ব্যাংক লুট, অদৃশ্য মামলা ও হয়রানির খবর নেই। ভোলাতে আমার এখানে কেউ বলতে পারবে না গত সাড়ে ৪ মাসে প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো হয়রানিমূলক মামলা, চাপ সৃষ্টি এবং দুর্নীতি করা হয়েছে।
তিনি আরও বলেন, তাই আমি মনে করি আগের যেকোনো সময়ের সঙ্গে বর্তমান সময়কে আপনি কোনোভাবেই তুলনা করতে পারবেন না। সরকার দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে। বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন এগুলো হয়নি। ইনশাআল্লাহ এগুলো আমাদের দ্বারা হবেও না। বুধবার বিকেল সাড়ে ৪টার ভোলা সদর উপজেলার পুর্ব ইলিশা ইউনিয়নের লঞ্চঘাট সংলগ্ন সিসি ব্লক ধস কবলিত এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গতকাল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের উপর হামলার অভিযোগের বিষয়ে পার্থ বলেন, মারামারির রাজনৈতিক সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। রাজনীতিতে আমাদের সবারই অশালীন বক্তব্য দেওয়া উচিত নয়। এগুলো মাথায় রাখা উচিত এবং ধৈর্য্য রাখা উচিত। এছাড়া নদী ভাঙন রোধসহ ভোলার সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান পার্থ।
এ সময় ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাস, ভোলা জেলা বিজেপি সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ