খুলনা | বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ | ১৪ শ্রাবণ ১৪৩৩

একীভূত ৫ ব্যাংকে জরুরি প্রয়োজনে মিলবে ১০ লাখ টাকা

খবর প্রতিবেদন |
০১:৫৩ এ.এম | ৩০ জুলাই ২০২৬


সংকটাপন্ন পাঁচটি একীভূত ব্যাংকের আমানতকারীদের জন্য অর্থ উত্তোলনের সুযোগ আরও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শুধু নিজের চিকিৎসা নয়, পরিবারের সদস্যদের চিকিৎসা কিংবা অন্য যেকোনো জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করা যাবে। বুধবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর মোস্তাকুর রহমান।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, আগে বিশেষ ব্যবস্থায় শুধু নিজের চিকিৎসার খরচ মেটানোর জন্য অর্থ উত্তোলনের অনুমতি ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মা-বাবা, স্বামী-স্ত্রী, সন্তান ও ভাই-বোনের চিকিৎসার পাশাপাশি অন্যান্য জরুরি পারিবারিক প্রয়োজনেও এই অর্থ ব্যবহার করা যাবে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বাস্তব পরিস্থিতিতে অনেক আমানতকারী চিকিৎসা ছাড়াও বিভিন্ন জরুরি কারণে নিজের জমা অর্থ ব্যবহার করতে চাইলেও আগের বিধানের কারণে তা সম্ভব হচ্ছিল না। গ্রাহকদের এই ভোগান্তি বিবেচনায় নিয়ে অর্থ উত্তোলনের শর্ত আরও নমনীয় করা হয়েছে।
গত বছর আর্থিক সংকটে পড়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে একটি নতুন ব্যাংক গঠন করা হয়। নতুন প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা মূলধন জোগান দিয়েছে। বাকি ১৫ হাজার কোটি টাকার বিপরীতে আমানতকারীদের শেয়ার দেওয়ার পরিকল্পনা রয়েছে।
একই সঙ্গে আমানত সুরক্ষা তহবিল থেকে ১২ হাজার কোটি টাকার একটি কর্মসূচির আওতায় দুই লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৮ লাখ ২২ হাজার গ্রাহকের মধ্যে মোট ৩ হাজার ৮৮৭ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এর মধ্যে শুধু একটি ব্যাংকের ৩ লাখ ৫০ হাজার গ্রাহক প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা পেয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত ডিসেম্বর শেষে একীভূত পাঁচ ব্যাংকের মোট ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর বিপরীতে জামানত রয়েছে ৪৭ হাজার ৯০০ কোটি টাকা, যা মোট ঋণের প্রায় ২৪ দশমিক ৫৬ শতাংশ। একই সময়ে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১ লাখ ৭০ হাজার ৫০০ কোটি টাকা, যা মোট ঋণের ৮৭ দশমিক ৪৩ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার চলমান কর্মসূচির পাশাপাশি নতুন এই সিদ্ধান্ত জরুরি প্রয়োজনে গ্রাহকদের আর্থিক চাপ কিছুটা লাঘব করবে।

প্রিন্ট

আরও সংবাদ