খুলনা | বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ | ১৪ শ্রাবণ ১৪৩৩

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে : কর্মশালায় প্রশাসক

খবর বিজ্ঞপ্তি |
০২:০৭ এ.এম | ৩০ জুলাই ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে। কেসিসি’র পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহ এগিয়ে আসলে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার কাজ আরো সহজ হবে। উৎস পর্যায়ে বর্জ্য পৃথকীকরণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বর্জ্য থেকে কম্পোস্ট উৎপাদন শুরু হলে বর্জ্য ব্যবস্থানায় যুগান্তকারী পরিবর্তন আসবে। জলবায়ু সহনশীল ও পরিচ্ছন্ন নগর গঠনে তিনি নাগরিকদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন। 
কেসিসি প্রশাসক বুধবার বিকেলে নগরীর সিএসএস আভা সেন্টারে ‘‘ক্লাইমেট স্মার্ট সার্কুলার ওয়েস্ট ম্যানেজমেন্ট বিজনেস প্লান এন্ড কমপোস্ট প্রিপারেশন’’-শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ‘‘ক্লাইমেট-রিজিলিয়েন্ট ক্লিন সিটিজ ( থ্রি-সি)’’ প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। 
প্রশিক্ষণে জলবায়ু-স্মার্ট সার্কুলার বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্যরে ধরন ও ব্যবস্থাপনা, বর্জ্য সনাক্তকরণ ও পৃথকীকরণ, কম্পোস্টিং প্রক্রিয়া, ওয়েস্ট ম্যানেজমেন্ট বিজনেস প্ল্যান প্রণয়ন, মার্কেটিং ও মূল্যায়ন বিষয়ে তাত্তি¡ক ও ব্যবহারিক সেশন পরিচালিত হয়। এছাড়া কম্পোস্ট চেম্বার প্রস্তুতি, স্তর বিন্যাস, গুণগত মান নিয়ন্ত্রণ, কম্পোস্ট সংগ্রহ ও প্যাকেজিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে জলবায়ু-স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা, জৈব বর্জ্য থেকে কম্পোস্ট উৎপাদন এবং সার্কুলার অর্থনীতি বাস্তবায়নে প্রশিক্ষণার্থীদের সক্ষমতা বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতে খুলনা মহানগরীর পরিবেশবান্ধব ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে প্রশিক্ষণার্থীরা ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি (এমআরএফ) সেন্টার পরিদর্শন করেন। 
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন থ্রি-সি প্রকল্পের কেন্দ্রীয় প্রকল্প ব্যবস্থাপক মোঃ মোসলেহ উদ্দিন ও গাজীপুরের সহকারী প্রকল্প ব্যবস্থাপক মোঃ কামরুল হাসান। প্রশিক্ষণের সার্বিক সমন্বয় করেন থ্রি-সি প্রকল্প-খুলনার সহকারী প্রকল্প ব্যবস্থাপক মোঃ আব্দুল মজিদ। কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিসুর রহমানসহ কনজারভেন্সি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সুপারভাইজার, ২১ ও ২২নং ওয়ার্ডের সচিব, ওয়ার্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির (ডব্লিউডিএমসি) সদস্যবৃন্দ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের প্রতিনিধি, আজীবন সদস্য, যুব স্বেচ্ছাসেবক, প্রকল্প কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের অংশীজন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রিন্ট

আরও সংবাদ