খুলনা | শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩

চারটি কোর্সের প্রকাশিত ফলাফল অনুমোদন

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা

খবর বিজ্ঞপ্তি |
০২:৪১ এ.এম | ৩১ জুলাই ২০২৬


খুলনা মেডিকেল বিদশ্ববিদ্যালয়ের এ্যাকাডেমিক কাউন্সিলের ৫ম সভা বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অ্যাকাডেমিক কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডাঃ রফিকুস সালেহীন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে নির্ধারিত কার্যসূচি অনুসারে সভার কার্যক্রম শুরু হয়। 
সভায় মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডাঃ সৈয়দ আমানুল ইসলাম এবং সার্জারি অনুষদের নিয়োগপ্রাপ্ত ডিন ডাঃ এস এম আকরামুজ্জামানকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। 
এরপর এ্যাকাডেমিক কাউন্সিলের ৫ম সভায় বিগত ২০২১-২০২২, ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ১ম, ২য় ও ৩য় পেশাগত পরীক্ষার ফলাফল এবং বিএসসি ইন নার্সিং এর ২০২১-২০২২, ২০২২-২০২৩, ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের চারটি কোর্সের প্রকাশিত ফলাফল এ্যাকাডেমিক কাউন্সিলের সভায় অনুমোদন লাভ করে। এছাড়া এমএসসি ইন নার্সিং কারিকুলাম প্রণয়নের লক্ষ্যে পুনর্গঠিত পাঠক্রম কমিটি অনুমোদন লাভ করে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পরিচালনা নীতিমালা ২০২৫ অনুসারে পুনর্গঠিত পরীক্ষা কমিটি (নার্সিং কলেজ) এবং পরীক্ষা কেন্দ্র (নার্সিং কলেজ) পরিদর্শন কমিটি অনুমোদন লাভ করে।  
এ্যাকাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত অর্গানোগ্রাম কমিটিতে এ্যাকাডেমিক কাউন্সিল থেকে একজন সদস্য মনোনয়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল প্রতিষ্ঠানসমূহের পরীক্ষার হল ও উত্তরপত্র সংরক্ষণাগারে অনলাইন সংযোগ/আইপি সংযোগযুক্ত সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি বাস্তবায়িত হয়েছে বলে এ্যাকাডেমিক কাউন্সিল সভাকে অবহিত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ রফিকুস সালেহীন এ্যাকাডেমিক কাউন্সিলের সদস্যদের অংশগ্রহণ ও গঠনমূলক মতামতের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও সুসংহত হবে বলে আশা প্রকাশ করেন। উক্ত সভায় অত্র বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, কোষাধ্যক্ষ, পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, ঢাকা, রেজিস্ট্রার, অধিভুক্ত মেডিকেল কলেজের অধ্যক্ষবৃন্দ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রকসহ অনলাইনে সংযুক্ত  এ্যাকাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ